২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মিনারের মূল বেদীতে সভা নিষিদ্ধের নির্দেশ

কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করাসহ ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষায় সরকারকে আট দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 02:37 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করাসহ ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষায় সরকারকে আট দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের প্রেক্ষিতে শহীদ মিনারের 'মর্যাদা ও পবিত্রতা' এবং ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষায় বুধবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ এই রায় দেয়। রায়ে বলা হয়, কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদীতে কোনো সভা-সমাবেশ করা থেকে বিরত রাখতে নির্দেশ দেয়া হলো। তবে বেদীর পাদদেশে সভা-সমাবেশে কোনো বাধা থাকবে না। শহীদ মিনার এলাকায় যাতে ভবঘুরেরা ঘোরাফেরা করতে না পারে বা 'অসামাজিক কার্যকলাপ' চালাতে না পারে সে জন্য তিন জন নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়ার জন্যও তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। রায়ে আরো বলা হয়, "বিশ্ববিদ্যালয় ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ ও মর্যাদা রক্ষা করতে হবে।" এছাড়া ভাষা আন্দোলনের শহীদদের মরণোত্তর পদক ও জীবিতদের জাতীয় পদক দেয়ার নির্দেশও দেয় আদালত। জীবিত ভাষা সৈনিকদের কেউ সরকারের কাছে আর্থিক সাহায্য চাইলে তা দেয়ার নির্দেশও দেয়া হয় রায়ে। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি লাইব্রেরিসহ জাদুঘর প্রতিষ্ঠা করা এবং সেখানে ভাষা আন্দোলনের তথ্য সংক্রান্ত পুস্তিকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে যাতে পর্যটকরা তথ্য জানতে পারে। রায়ে বলা হয়েছে, ভাষা সৈনিকদের প্রকৃত তালিকা তৈরির জন্য সরকার একটি কমিটি গঠন করবে। এ বিষয়ে ২০১২ সালের ৩১ জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করার নির্দেশ দেয়া হয়। এতে বলা হয়, ভাষা সৈনিকদের সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো এবং তাদের জন্য সাধ্যমতো সরকারি সুবিধা নিশ্চিত করতে হবে। মানবাধিকার সংগঠনটির পক্ষে রিট আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/জেবি/পিডি/২০১৪ ঘ.