২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যানজট, জলাবদ্ধতায় নাকাল নগরবাসি

পুরো রাজধানীই যেনো থেমে থাকা এক জনপদ। মূল রাস্তা থেকে অলি-গলি সব জায়গাতেই অবরুদ্ধ যানবাহন। জলাবদ্ধতায় পায়ে হেঁটে চলারও সুযোগ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 12:20 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পুরো রাজধানীই যেনো থেমে থাকা এক জনপদ। মূল রাস্তা থেকে অলি-গলি সব জায়গাতেই অবরুদ্ধ যানবাহন। জলাবদ্ধতায় পায়ে হেঁটে চলারও সুযোগ নেই। বুধবার ভয়াবহ যানজট আর জলাবদ্ধতায় পুরো রাজধানী জুড়ে এ চিত্র দেখা গেছে। সকাল ১০টার পর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। পাশাপাশি ভ্যাপসা গরমে অতিষ্ট হয়ে ওঠে নগরের মানুষ। দুপুরের ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর অনেক রাস্তায়ই পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতা তৈরি হওয়ায় যানজটও তীব্র আকার ধারণ করে। সকালে অফিসে যাওয়ার সময় থেকেই মানুষের ভোগান্তির শুরু। এরপর বিকালে বাড়িফেরা মানুষগুলোরও নাকাল হতে হয় যানজটে। আবার পরিবহনের অভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর অনেকেই পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন। মহানগর পুলিশ কমিশনার যানজট কমানোর ঘোষণা দিয়েছে। রমজানের প্রায় শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ ঘোষণা করেছে সরকার। এরপরও যানজট পরিস্থিতি অবনতির দিকে। ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে নগরীর সড়কগুলোকে মোট ১৩টি সেক্টরে ভাগ করে পুলিশের বিভিন্ন বিভাগের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও পুলিশের অপরাধ দমন বিভাগ, সিভিল টিম ও টহল গাড়ির মাধ্যমে পুরো কার্যক্রম তদারকি করা হচ্ছে। কার্যক্রম অনুযায়ী নির্দিষ্ট লেইন অনুসরণ করে গাড়ি চালানোর বাধ্যবাধকতা দেওয়া হয়। ৬ অগাস্ট পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক যানজট দূর করতে বিশেষ এ কার্যক্রমের ঘোষণা দেন। পুরান ঢাকার ব্যবসায়ী আদিল মিয়া জানান, দুপুর থেকেই সদরঘাট, বাবুবাজার, নর্থ সাউথ রোড যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে। আর বিকাল নাগাদ তা চরম আকার ধারণ করে। কেবল পুরান ঢাকা নয়, সরেজমিনে দেখা যায়- বেলা ১২টার পর থেকে মিরপুর থেকে আসাদগেট, ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলামটর, শাহবাগ, মালিবাগ, তেজগাঁও, পল্টন, গুলশান, কাকলী, যাত্রাবাড়ী, কলাবাগান ও নিউমার্কেট এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে। দুপুর নাগাদ যানজট ছড়িয়ে পড়ে পাড়া-মহল্লার অলিগলিতেও। দুপুরে বৃষ্টি হওয়ার পর তা আরো প্রকট হয়। ভীর আর ভ্যাপসা গরমে বাসের মধ্যে আটকে থেকে ঘন্টার পর ঘন্টা নাকাল হতে হয় যাত্রীদের। যানজটের ভোগান্তির কথা উল্লেখ করে সিটি সার্ভিস বাসের চালক শফিক বলেন, মোহাম্মদপুর থেকে মতিঝিল যেতে প্রায় সাড়ে ৪ ঘন্টা লেগে গেছে। বিকেল ৫টায় কারওয়ান বাজার এলাকায় রহিম নামে এক ব্যবসায়ী জানান, মতিঝিল থেকে কারওয়ান বাজার আসতে তার ৩ ঘন্টা সময় লেগেছে। যানজটের অন্যতম কারণ হিসাবে ট্রাফিক আইন মেনে না চলা, নির্ধারিত লেইন মেনে যানবাহন না চালানো এবং রাস্তার অপর্যাপ্ততাকে দায়ী করেন নগর বিশেষজ্ঞরা। মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক-পূর্ব) এ কে এম আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুরে অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে অনেকগুলো রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছে। এ কারণে রাস্তায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। বিজয়নগরের জট একেবারে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে ঠেকেছে।" তিনি বলেন, "আমরা সাধ্যমত চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করে আনতে। কিন্তু আজকে মনে হচ্ছে, অফিস ফেরত অনেক মানুষ রাস্তাতেই ইফতার করতে বাধ্য হবেন।" অন্যদিকে উপপুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) সেলিম মাহমুদ জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাপা প্লাজা, আড়ং, ধানমন্ডির কয়েকটি জায়গায় পানি জমে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এসব পানিতে আটকে প্রাইভেট কার ও সিএনজি চালিত অনেক গাড়ি বিকল হয়ে পড়েছে। ফলে বড় আকারের যানজট তৈরি হয়েছে।" ইফতারের আগেই যানজট কমিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসআইটি/এসএএ/১৮১৯ ঘ.