২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা, রাষ্ট্রদ্রোহ মামলায় জামায়াত নেতা রফিকুল গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানকে বুধবার দুপুরে মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 08:29 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানকে বুধবার দুপুরে মিরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুর দেড়টার দিকে তাকে মিরপুর ১০ নম্বরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা মহানগরের গোয়েন্দা সংস্থার কাছে তদন্তাধীন মামলায় রফিকুল ইসলাম খানকে গ্রেপ্তার করা হয়েছে।" গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপির ডাকা ২৭ জুনের হরতালের আগের রাতে হরতাল সমর্থকরা মগবাজারে একটি গাড়িতে আগুন ধরিয়ে দিলে ফারুক হোসেন নামে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় রমনা থানায় করা হত্যা মামলা এবং উত্তরা থানায় গত ১৯ এপ্রিল দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজশাহী বিশ্বদ্যিালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হওয়ার ঘটনায় শিবিরের জড়িত থাকার অভিযোগে ঢাকার উত্তরার একটি মেসে অভিযান চালিয়ে পুলিশ ৩১ শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করে। যাদের অধিকাংশই রাজশাহীর। জিজ্ঞাসাবাদে তারা জামাতের শীর্ষ নেতাদের নির্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনা ঘটিয়েছিল বলে স্বীকার করে। এরপরই গ্রেপ্তারকৃতদের এবং জামাতের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। গোয়েন্দা পুলিশ কর্মকর্তা জানান, রফিকুল ইসলাম অন্য কয়েকটি মামলায় আগাম জামিন নিলেও এই দুটি মামলায় তিনি আগাম জামিন নেননি। এছাড়া তদন্তে এই দুই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার রফিকুল ইসলাম খানকে ছয়টি মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত আগাম জামিন দেয় হাইকোর্ট। বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো.ফজলুর রহমানের বেঞ্চ তার জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়। পল্টন, মতিঝিল, কাফরুল থানা এবং ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তার বিরুদ্ধে এই ছয়টি মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এসএম/কেএমএস/এইচএ/২১৪৬ ঘ.