২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকদের ৯০ হাজার গাভী দেবে সরকার

কৃষকদের জীবনমান উন্নয়ন ও দুধের চাহিদা মেটাতে এ বছর ৯০ হাজার গাভী বিতরণ করা হবে বলে জানিয়েছেন সমবায় প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 12:28 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষকদের জীবনমান উন্নয়ন ও দুধের চাহিদা মেটাতে এ বছর ৯০ হাজার গাভী বিতরণ করা হবে বলে জানিয়েছেন সমবায় প্রতিমন্ত্রী। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মিল্ক ভিটার ৩৩তম বার্ষিক সম্মেলনে সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এ কথা বলেন। তিনি জানান, 'একটি বাড়ি একটি খামার' কর্মসূচির আওতায় এ গাভী বিতরণ করা হবে। আগামী এক মাসের মধ্যে মিল্ক ইউনিয়নের নির্বাচন, কৃষকদের উৎপাদিত দুধের ক্রয়মূল্য বৃদ্ধি, দুর্নীতি ও অপচয় রোধের উদ্যোগ নেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। নানক বলেন, "গত সরকারের আমলে মিল্ক ভিটায় ২১ কোটি টাকা ব্যয়ে বোতলজাত পানির প্লান্ট ও দুগ্ধ ফিলিং মেশিন স্থাপনের নামে যে লুটপাট করা হয়েছে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।" বার্ষিক সম্মেলনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অহিদ উল্লাহ মোল্লা সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য এডভোকেট রহমত আলী, চয়ন ইসলাম, শফিকুল ইসলাম, মো. আশরাফ আলী খান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রোকেয়া সুলতানা, সমবায় নিবন্ধক মুশফেকা ইকফাৎ, মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান মো. শফিকুর রহমান, আকবর আলী চৌধুরী, সাজ্জাদ হায়দার ও মহাব্যবস্থাপক নাসিম আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৮২৩ ঘ.