ঢাকা, অগাষ্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পাঁচ শতাংশ আবাসিক জায়গা অধিগ্রহনের পর ১৮ বছর পার হয়ে গেলেও ক্ষতিপূরণ পাননি জমির মালিক।
ক্ষতিপূরণ চাইতে গিয়ে উল্টো তিনি হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২০০১ সালের ২৫ মার্চ আদালত ক্ষতিগ্রস্থকে ৬০ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার রায় দেয়।
কিন্তু ৬০ দিন তো দূরের কথা, ৯ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। ঢাকার জেলা প্রশাসক সে রায় মানছেন না। এমনকি ক্ষতিগ্রস্তকে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের হাতে লাঞ্চিত হতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ জমির মালিক সুপ্রিম কোর্টের আইনজীবী তাহমিনা বেগম বলেন, "জেলা প্রশাসকের কার্যালয়ের মালামাল ক্রোক সম্পর্কিত আদালতের আদেশও ওই কার্যালয়ের কর্মচারীদের হুমকির মুখে কার্যকর করা যাচ্ছে না।"
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকার জেলা প্রশাসক ক্ষতিপূরণ না দিয়ে আদালতের আদেশ অমান্য করছে। আর তার কার্যালয়ের কর্মচারীরা ওই টাকা পাইয়ে দেওয়ার কথা বলে বিপুল অঙ্কের টাকা ঘুষ দাবি করে তাকে হয়রানি করছে।"
তাহমিনা বলেন, "সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ঘুষ না দিয়ে কেউই ক্ষতিপূরণ পায়নি। তাকেও ভালো একটা অংশ খরচ করে যেতে হবে।"
ক্ষতিপূরণ না দেওয়ায় জেলা প্রশাসকের দপ্তরের অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেয় আদালত। কিন্তু ওই দপ্তরের কর্মচারীদের হুমকি ও অশ্লীল গালাগালির মুখে তা ক্রোক করা যায়নি বলে জানান তিনি।
মামলা ও ঘটনা সূত্রে জানা যায়, রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেছনে ব্রাহ্মনচিরণ মৌজায় পাঁচ শতাংশ ভিটি জমির মালিক ছিলেন শামছুল হক ও বেগম তাহমিনা। সেখানে টিনশেড ভবন, টিনশেড কাঠের ঘর করে বাস করছিলেন তারা।
এ অবস্থায় সরকার বাংলাদেশ ব্যাংকের পেছনে ঢাকা ওয়াসার কালভার্ট নির্মানের জন্য শামছুল হককে উচ্ছেদ করে তার জমি অধিগ্রহণ করে। কিন্তু বাজার দরের তুলনায় অনেক কম টাকা ক্ষতিপূরণ দিতে চায় সরকার ।
তাই শামসুল হক আদালতে সরকারের বিরুদ্ধে সালিশি মামলা করেন। ২০০১ সালের ২৫ মার্চ আদালত মামলার রায়ে ২০ লাখ ৫৪ হাজার ৯১৩ টাকা শামসুল হক ও তাহমিনাকে রায় প্রদানের পর ৬০ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেয়ার জন্য নির্দেশ দেয়।
সালিশি আদালতের এ রায়ের বিরুদ্ধে ঢাকা ওয়াসা ২০০৬ সালে হাইকোর্টে আপিল করে। ২০০৯ সালের ২৮ জুন ওই আপিল খারিজ হয়।
জমির একজন মালিক শামসুল হক মারা যান। তার স্ত্রী তাহমিনা আইনি লড়াই চালিয়ে যান।
এদিকে ওই রায় অনুযায়ী নির্ধারণ করা টাকা আদায়ের ডিক্রিজারী করার জন্য তিনি ২০০৫ সালে একটি মামলা করেন। সে মামলায় আদালত জেলা প্রশাসককে বার বার ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য তাগাদা দেয়।
কিন্তু তারপরেও ওই টাকা পরিশোধ না করায় আদালত জেলা প্রশাসকের কার্যালয়ের আসবাবপত্র, প্রশাসকের ব্যবহার করা গাড়ি ক্রোকের আদেশ দেয়।
তাহমিনা জানান, তিনি ব্যক্তিগতভাবেও জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছেন। কিন্তু কোন লাভ হয়নি। জেলা প্রশাসক বার বার তাকে মিথ্যা প্রতিশ্র"তি দিয়ে যাচ্ছেন।
তাহমিনা আরও জানান, ওই টাকার জন্য তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে সংশ্লিষ্ট কর্মচারীরা টাকা পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছে বিপুল অংকের টাকা ঘুষ দাবি করে।
সোমবার ঢাকার কোর্ট রিপোর্টাস এসোসিয়েশনের কার্যালয়ে বসে তাহমিনা প্রশ্ন রাখেন, একজন আইনজীবী হয়েও ভূমি অধিগ্রহনের ক্ষতিপূরণ পেতে এত ঝক্কি পোহাতে হলে সাধারন মানুষের কি অবস্থা হতে পারে?
এদিকে এসব বিষয়ে অনুসন্ধানের উত্তরে ঢাকার বর্তমান জেলা প্রশাসক মহিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সহানুভূতি পাওয়ার জন্য এর সবই ওই আইনজীবীর রং চড়ানো কথাবার্তা। আদতেই যদি আমার কর্মচারীরা তার কাছে কোনো ঘুষ দাবি করে থাকে তাহলে তো উনার তা আমাকে জানানোর কথা। তিনি তা জানাননি।"
জেলা প্রশাসক বলেন, "আর ওয়াসাকে দাপ্তরিক ও ব্যক্তিগত দুই ভাবেই আমি টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য বলেছি। ওয়াসা জেলা প্রশাসক কার্যালয়ে কোন টাকা পাঠায়নি। আমি তো অন্য কারো তহবিল থেকে এই ক্ষতিগ্রস্থকে টাকা দিতে পারি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১২৩১ ঘ.
bdnews24