নওগাঁ, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর রাণীনগরে তুচছ ঘটনা নিয়ে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোববার রাতে উপজেলার কাশিমপুর দক্ষিণপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে ইসলাম (২০), জাকিয়া (১৫), বুলু (৩৫), ফুরতুন (৩০), আলেয়া (৩০), আসমা (২৫), মোজাম্মেল (৪৫), তোতা (৫০), ইয়াকুব (৪৫), কুদ্দুস (৪২), হাসান (২০), বিদ্যুৎকে (২০) রাণীনগর উপজেলা হাসপাতাল ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় সুমন (২২) ও জোসনা বিবিকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের নাম জানা যায়নি।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার কাশিমপুর দক্ষিণপাড়া গ্রামের সাইদুর রহমানের খড়ের পালার পাশে প্রতিবেশী মুনসুর আলী একটি দোকান ঘর নির্মাণ করেন। এতে ঘরের চালার পানি খড়ের পালায় পড়লে দু'জনের মধ্যে কথাকাটাকাটি হয়।
এর জেরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
রাণীনগর থানার ওসি শাহরিয়ার খান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষই থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৬ ঘ.
bdnews24