২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচী মামলার ১১ আসামির জামিন

বহুল আলোচিত উদীচী হত্যা মামলার ১১ আসামিকে জামিন দিয়েছে যশোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 05:28 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

যশোর, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুল আলোচিত উদীচী হত্যা মামলার ১১ আসামিকে জামিন দিয়েছে যশোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত। রোববার হাকিম মোস্তাফিজুর রহমান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। যশোরের পাবলিক প্রসিকিউটর এ জেড এম ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে ২০০৬ সালের ৮ জুন যশোরের বিশেষ জজ (জেলা জজ) আদালতের তৎকালীন বিচারক ওবায়দুস সোবহান উদীচী মামলার ২৩ আসামির সবাইকে বেকসুর খালাস দেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় মামলাটি আবার তদন্ত ও বিচারের জন্য হাইকোর্টে আপিল করা হয়। গত ৮ জুন হাইকোর্টের একটি বেঞ্চ আপিল শুনানি শেষে মামলার কার্যক্রম আবারো চালুর নির্দেশ দেন। একইসঙ্গে খালাস পাওয়া আসামিদের বিরুদ্ধে কেন বিচারকাজ শুরু হবে না তার কারণ দর্শানোর নির্দেশ দেন। পরে ৩ অগাস্ট যশোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত থেকে প্রত্যেক আসামিকে হাইকোর্টের ওই নোটিশ পৌঁছে দেওয়া হয়। হাইকোর্টের ওই বেঞ্চ এই মামলায় খালাস পাওয়া সব আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ২০ আসামির মধ্যে ১১ জন আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে জামিন আবেদন করেন। জামিন পাওয়া আসামিরা হলেন- সিরাজুল ইসলাম, নওশের আলী, সুলতান ওরফে নান্টু, আবুল খায়ের, নূর-উন-নবী, আশরাফুল আলম বাবু ওরফে বেড়ে বাবু, মুরাদ ওরফে ভেজাল মুরাদ, মোস্তফা ওরফে মোস্তান, আসাদুজ্জামান খোকন, মহাসিন সরদার এবং মোকাদ্দেস হোসেন বাবু। মামলার ২৪ আসামির মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলাম মামলা চলাকালে সুপ্রিম কোর্টের নির্দেশে অব্যহতি পান। এছাড়া অন্য দুই আসামি আহসান কবির হাসান ও মিজানুর রহমান র‌্যাবের ক্রসফায়ারে নিহত হন। অন্য আসামি আলমগীর হৃদরোগে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২৩২০ ঘ.