২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে সংসদীয় কমিটির 'হস্তক্ষেপ' বন্ধের দাবি

চট্টগ্রাম বন্দরের কর্মকাণ্ডে সংসদীয় স্থায়ী কমিটির 'অযাচিত হস্তক্ষেপ' বন্ধের দাবি জানিয়েছে সরকার সমর্থিত ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 04:37 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

চট্টগ্রাম, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের কর্মকাণ্ডে সংসদীয় স্থায়ী কমিটির 'অযাচিত হস্তক্ষেপ' বন্ধের দাবি জানিয়েছে সরকার সমর্থিত ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য বিনা দরপত্রে বার্থ অপারেটর নিয়োগ করা হলে কোনো শ্রমিক কাজে যোগ দেবে না বলেও হুমকি দিয়েছে সংগঠনটি। রোববার সকালে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে আয়োজিত বিক্ষোভ-সমাবেশ থেকে সংগঠনের নেতারা এ হুমকি দেন। অন্যান্যের মধ্যে ফেডারেশনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান এবং যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ সমাবেশে বক্তব্য রাখেন। নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কয়েকজন সদস্য বিনা দরপত্রে 'বেআইনিভাবে' একটি শক্তিশালী চক্রকে বার্থ অপারেটিংয়ের দায়িত্ব দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এসব বিতর্কিত ব্যক্তিকে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি থেকে অপসারণের দাবিতে আমাদের এই আন্দোলন।" আইনি জটিলতার কারণ দেখিয়ে বন্দরের ছয়টি কন্টেইনার জেটিতে দ্বিতীয় দফা দরপত্র মূল্যায়ন স্থগিত করে বন্দর কর্তৃপক্ষ। এসব জেটিতে সাময়িক ব্যবস্থায় দরপত্র ছাড়া অপারেটর নিয়োগের জন্য সংসদীয় কমিটি মৌখিক সুপারিশ করে। দক্ষতা কমে যাওয়ার অজুহাতে নৌ-পরিবহন মন্ত্রণালয়ও দরপত্র ছাড়া অপারেটর নিয়োগের নির্দেশ দেয় বন্দরকে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২২০০ ঘ.