মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, ২২ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য চট্টগ্রামে ছেলেধরার গুজব রটিয়ে গণপিটুনির ঘটনা ঘটানো হচ্ছে বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত কমিশনার আবদুল জলিল।
রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার এ ধরনের গুজব বিষয়ে সচেতন হতে প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চানা।
চট্টগ্রাম মহানগরী ও এর আশেপাশের এলাকায় ছেলেধরা গুজব তুলে গণপিটুনিসহ নানাপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটছে। নিরীহ মানুষই এর শিকার হচ্ছেন বেশি।
সর্বশেষ রোববার সকালে নগরীর পাঁচলাইশ থানার খতিবের হাট এলাকায় ছেলেধরা সন্দেহে এক মাদ্রাসা শিক্ষক ও হালিশহর থানাধীন ছোটপুলে এক মহিলা পিটুনির শিকার হন।
শনিবার রাতে প্রায় একই সময়ে নগরীর চান্দগাঁও, বাকলিয়া ও বন্দর থানায় ছেলেধরা সন্দেহে পিটুনির শিকার হন এক ব্যবসায়ী, ভিক্ষুক ও এক ভবঘুরে। এর মধ্যে বন্দর থানার আকমল আলী সড়কে পিটুনির শিকার মহিলা ভিক্ষুক ঘটনাস্থলেই মারা যান।
পিটুনিতে এক সপ্তাহে দুজনের মৃত্যু
গত এক সপ্তাহে ছেলেধরা সন্দেহে পিটুনিতে নগরীর বন্দর থানা ও হাটহাজারী উপজেলায় মারা গেছে দুইজন।
এছাড়া নগরীর চেরাগী পাহাড়, খতিবের হাট, বাকলিয়া, ছোটপুল, বহদ্দারহাটে, বোয়ালখালী, সীতাকুণ্ড, পটিয়া, ফটিকছড়ি উপজেলায় পৃথক পিটুনির ঘটনা ঘটে। পিটুনির শিকার অধিকাংশই নিরীহ মানুষ বলে পুলিশের প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।
ছেলেধরা আতঙ্কে নগরীর অভিভাবকদের মধ্যেও উৎকণ্ঠা বেড়ে গেছে। কোন কারণ ছাড়া তারা সন্তানদের বাড়ির বাইরে পাঠাচ্ছেন না।
পুলিশ বলছে, নগরীর কোথাও ছেলেধরা বা কোন শিশু অপহরণের ঘটনা না ঘটলেও হুজুগে জনগণ গুজবে বিশ্বাস করে পিটুনি দিচ্ছেন। একটি মহল নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটাতে পরিকল্পিতভাবে এসব গুজব ছড়াচ্ছে। গুজবে কান না দিতে চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে নগরীর বিভিন্ন স্থানে মাইকিংও করা হয়েছে।
গুজব ছড়ানোর পদ্ধতি একই
ছেলেধরার গুজব ছড়ানোর পদ্ধতি সব এলাকায় একই উল্লেখ করে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হালিশহরে ভিক্ষুককে পিটুনির ঘটনা বর্ণনা করে সংবাদ সম্মেলনে বলেন, "ভিক্ষুকের ভিক্ষার ঝুলিতে মানুষের পাঁচটি কাটা মাথা আছে
bdnews24