২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর পুঠিয়ায় ১৪৪ ধারা

একই স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপি ইফতার মাহফিল আহ্বান করায় রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 01:19 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

রাজশাহী, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একই স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপি ইফতার মাহফিল আহ্বান করায় রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পুঠিয়া থানার ওসি জিয়াউল আলম সাংবাদিকদের জানান, রোববার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিবপুর স্কুল মাঠ ও আশপাশের পাঁচগজ এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্কুল মাঠ ও আশপাশে পুলিশ মোতায়েন রয়েছে। ওসি জানান, স্থানীয় ছাত্রদল নেতা নুহ আলম স্মরণে শিবপুর স্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি। কিন্তু দুপুরে হঠাৎ করে উপজেলা আওয়ামী লীগ একই স্থানে ইফতার মাহফিল আয়োজনের মাইকিং শুরু করে। এ নিয়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। গত ২২ জুলাই রাতে পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক নুহ্ আলমকে বিড়ালদহ বাজারে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ দারার দুই ভাইসহ ১৬ জনকে আসামি একটি হত্যা মামলা হয়েছে। আওয়ামী লীগের দাবি, মাদক চোরাকারবারির জের ধরে নিজেদের কোন্দলে নুহ খুন হয়েছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা মামুন সাংবাদিকদের বলেন, প্রশাসন ১৪৪ ধারায় জারি করায় শিবপুরের পরিবর্তে তারা বানেশ্বর এলাকায় ইফতার মাহফিল করার উদ্যাগ নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৬ ঘ.