সিরাজগঞ্জ, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ ও পাবনার তিনটি উপজেলায় অ্যানথ্রাক্স সংক্রমিত আরো ৬৭ জনকে সনাক্ত করা হয়েছে।
এ নিয়ে অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৮।
বিশেষজ্ঞরা এর মধ্যে রোগীর রক্তসহ বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করেছেন। আতঙ্কিত না হওয়ার জন্য তারা স্থানীয়দের পরামর্শ দিয়েছেন।
রোববার পাবনার সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলার সাঁথিয়া উপজেলার বড় পাথালিয়া গ্রামে ১৯ জনের দেহে অ্যানথ্রাক্স সংক্রমন সনাক্ত করা হয়েছে।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামে ৩৩ এবং বেলকুচি উপজেলার আদাচাকী উত্তরপাড়া গ্রামে ১৫ জন সনাক্ত করা হয় বলে জেলার সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে।
আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলেও জানান সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা।
মিল্কভিটা কোম্পানি লিমিটেড'র নিয়ন্ত্রণাধীন বাঘাবাড়ি দুগ্ধ উৎপাদন কারখানার আওতায় সিরাজগঞ্জ ও পাবনায় অনেক গরুর খামার রয়েছে।
ইতোমধ্যে ঢাকার ইনস্টিটিউট অব এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআরবি) সংক্রমিত কয়েকজনের রক্তের নমুনা, গরু জবাইয়ের স্থান, হাড়গোড় ও গোয়াল ঘরের মাটি পরীক্ষার জন্য সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামে অ্যানথ্রাক্স সংক্রমনের বিষয়টি ধরা পড়ে। সনাক্ত করা হয় ২৬ রোগীকে।
শনিবার পর্যন্ত এই গ্রামে অ্যানথ্রাক্স সংক্রমিত ৪১ জনকে সনাক্ত করা হয়।
গত ২৯ জুলাই অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে এবং মাংসের সংস্পর্শে এসে চিথুলিয়া গ্রামের এসব লোকের দেহে রোগটির সংক্রমন ঘটে।
সংক্রমিতদের শরীরের বিভিন্ন স্থানে ফুলে গেছে, কারো কারো শরীরের সৃষ্ট ক্ষতস্থানে তীব্র ব্যাথা বা পচন শুরু হয়েছে।
পাবনা জেলার সিভিল সার্জন ডা. মো. আশরাফুজ্জামান জানান, সাঁথিয়ার বড়-পাথালিয়া গ্রামে গত সোমবার স্থানীয় দুগ্ধ খামারী আকরাম হোসেনের অসুস্থ্য গরুর মাংস খেয়ে ১৯ জন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছে।
তিনি জানান, জেলা সিভিল সার্জন, আইইসিডিআর ও আইসিডিডিআরবি'র বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষণা কর্মীরা ওই গ্রামে গিয়ে স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তারা রোগীদের চিকিৎসা সেবাও দিয়েছেন।
সিভিল সার্জন জানান, এদের মধ্যে ১৫ জনের রক্তের নমুনা, গরু জবাইয়ের স্থানের মাটি, হাড়গোড় ও গোয়াল ঘরের মাটি পরীক্ষা জন্য নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়রা তাদের জানিয়েছেন- গরু জবাই, কাটা-ছেঁড়ার কাজ ও মাংস কিনে খাওয়া ও অন্যান্য কাজে প্রায় ৬০ জন গ্রামবাসী জড়িত ছিলো। বাকিদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম তালুকদার জানান, কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামে সকালে ৩৩ রোগীর খোঁজ পাওয়া গেছে। এরাও আ্যনথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে বা সংস্পর্শে এসেছিলেন।
রোববার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম ও কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক জেলা সেনেটারি ইন্সেপেক্টর রামচন্দ্র সাহাকে সঙ্গে নিয়ে ওই গ্রামে যান।
তারা ২৬ জনকে পরামর্শপত্র ও ওষুধ সরবরাহ করেছেন। বাকি সাতজন আগে থেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম তালুকদার জানান, দুপুরে উপজেলার আদাচাকী উত্তরপাড়া গ্রামে তারা ১৫ জন আ্যনথ্রাক্স রোগী সনাক্ত করেছেন।
তাদের প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি আরো জানান, একই এলাকার গরুর খামারী মো. আবু বকর সিদ্দিকের একটি আ্যনথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে বা সংস্পর্শে এরা আক্রান্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৯ ঘ.
bdnews24