ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, আশুগঞ্জের সোহাগপুর এলাকায় রোববার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা বাসটির যাত্রী।
নিহতরা হলেন- বরিশালের শাহিন মিয়া (৩৮), কুমিল্লার রেনু মিয়া (৪০), ঢাকার লালবাগের খলিলুর রহমান (৪২) এবং সুনামগঞ্জের মুসলেম মিয়া (৩৫)।
আহতদের পরিচয় জানা যায়নি। তাদেরকে আশুগঞ্জের সোহরাব মেডিকেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুগঞ্জ থানান ওসি আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোহাগপুর এলাকায় ভোররাত ৪টার দিকে সিলেট থেকে ঢাকাগামী নূর পরিবহনের দ্রুতগতির একটি বাস রাস্তার পাশে বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে ধাক্কা দেয়।
তিনি বলেন, "এতে বাসটি দুুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে বাসযাত্রী মুসলেম মিয়া মারা যান। গুরুতর আহত রেনু, শাহিন এবং খলিল ভৈরব হাসপাতালে নেওয়ার পর মারা যান।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এজে/১১৩৯ ঘ.
bdnews24