২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেল কলেজ শিক্ষক হামলায় আহত

রংপুর মেডিকেল কলেজের ফর্মাকোলজি বিভাগের এক শিক্ষক শুক্রবার রাতে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 04:11 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

রংপুর, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেল কলেজের ফর্মাকোলজি বিভাগের এক শিক্ষক শুক্রবার রাতে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন। আহত প্রভাষক ডা. জাকিরুল ইসলাম লেলিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার একটি হাত ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার কলেজের ছাত্র-ছাত্রীরা ক্লাশ বর্জন করেছে। দুপুরে ছাত্রলীগ অধ্যক্ষের কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ করেছে। ডা. জাকিরুল ইসলাম লেলিন সাংবাদিকদের জানান, হাসপাতালে দায়িত্ব শেষে রাত সাড়ে ৩টার দিকে রিকশায় তিনি কলেজ ক্যাম্পাসে অবস্থিত তার কোয়াটারে যাবার সময় একদল যুবক রিকশা থামিয়ে তাকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে হাসপাতালের কর্মচারীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। শনিবার সকালে ছাত্র-ছাত্রীরা ক্লাশ বর্জন ও মিছিল করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। দুপুর সোয়া ১টার দিকে ছাত্রলীগ কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অধ্যাক্ষের কার্যালয় ঘেরাও করে। ছাত্রলীগ এ ঘটনার জন্য হাসপাতালের সাবেক এক পরিচালকসহ এক শিক্ষককে দায়ী করে শ্লোগান দেয়। এ ঘটনার প্রতিবাদে দুপুরে রংপুর মেডিকেল কলেজ অডিটরিয়ামে শিক্ষকদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে এ ঘটনার নিন্দা জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দাবি জানান। আগামী দু'দিন শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করারও সিদ্ধান্ত নেন। কোতয়ালি থানার ওসি হায়দার আলী জানান, এ ঘটনায় থানায় ডা. লেলিন বাদী হয়ে মামলা করেছেন। দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১২৪১ ঘ.