ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনে চোরাই পণ্যের ছবি তোলার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যদের সঙ্গে জনতার সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে বিডিআর সদস্য ও ফটো সাংবাদিক রয়েছেন। তারা হলেন ব্রাহ্মনবাড়িয়া ১ রাইফেল ব্যাটালিয়নের নায়েক সুবেদার আবদুল গফুর (৫৫) ও স্থানীয় একটি দৈনিকের ফটো সাংবাদিক মীর শাহীন (২৬)।
তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতি দুপুর সোয়া ১২ টার দিকে ব্রাহ্মনবাড়িয়া রেল স্টেশনে এসে থামে।
বিডিআর সদস্যরা ট্রেন থেকে বেশ কিছু চোরাই ভারতীয় মশলা উদ্ধার করে স্টেশনের প্ল্যাটফরমে জড়ো করে। ট্রেনটি ছেড়ে যাওয়ার পর ফটো সাংবাদিক মীর শাহীন চোরাই মশলার ছবি তুলতে গেলে বিডিআর সদস্যরা তাকে বাধা দেয়।
এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিডিআর সদস্যরা তার ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাকে পেটাতে থাকে।
উপস্থিত জনতা তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়। কিন্তু বিডিআর সদস্যরা তাকে ছেড়ে না দিয়ে নির্দয়ভাবে পেটাতে থাকলে জনতা ক্ষুব্ধ হয়ে বিডিআরের উপর হামলা করে। এরপর শুরু হয় বিডিআর-জনতা সংঘর্ষ। এক পর্যায়ে জনতার ধাওয়া খেয়ে বিডিআর সদস্যরা দ্রুত ষ্টেশন এলাকা ত্যাগ করে।
ব্রাহ্মণবাড়িয়া ১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।"
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিডিআরের এ অভিযান টাক্সফোর্সের অভিযান নয়। তারা নিজেরা এ অভিযান চালিয়েছে। আমি খবর পেয়ে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে ষ্টেশনে পাঠিয়েছিলাম। ততক্ষণে সংঘর্ষ শেষ হয়ে যায়।"
তিনি বলেন, "এ ঘটনায় রোববার সকালে কালেক্টরেট মিলনায়তনে বৈঠক ডাকা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৩৪ ঘ.
bdnews24