২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্টের মূল নায়কদের ধরা হবে: হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কার নির্দেশে ২১ অগাস্টের গ্রেনেড হামলা হয়েছিলো তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 05:40 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কার নির্দেশে ২১ অগাস্টের গ্রেনেড হামলা হয়েছিলো তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। ওই নারকীয় হামলার ষষ্ঠ বার্ষিকীর এক দিন আগে শুক্রবার এক বাণীতে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা তার বাণীতে ২১ অগাস্টের ঘটনার মূল পরিকল্পনাকারী, নিদের্শদাতা ও হত্যাকারীদের বিচারের মাধ্যমে এদেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান ঘটানোর আহবান জানিয়েছেন। তিনি বলেন, ''২১ অগাস্টের গ্রেনেড হামলার মূল লক্ষ্য ছিলো স্বাধীনতা, গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের ধারাকে স্তব্ধ করে দেওয়া। হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্র্নীতির রাজত্বকে চিরস্থায়ী করা। বাংলাদেশকে নেতৃত্বশূণ্য করে দেওয়া। "এ ধরনের নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার করা একটি সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার হত্যাকারীদের রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে। হামলাকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেয়। সব আলামত ধ্বংস করা হয়। তদন্তের নামে এই নারকীয় ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করা হয়।" প্রধানমন্ত্রী আরো বলেন, "কিন্তু সত্যকে কখনো চাপা দেওয়া যায় না। আজ তদন্তে বেরিয়ে এসেছে, সেদিনের বিএনপি-জামায়াত জোট সরকারের একজন উপমন্ত্রী এই হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলো। সেদিন কার নির্দেশে এই বর্বর হামলা হয়েছিলো, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জনগণ আশাবাদী।'' ওই হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের প্রতি সমবেদনাও জানান শেখ হাসিনা। এ দিনটিকে ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় অভিহিত করে রাষ্ট্রপতি জিল্লুর রহমান পৃথক এক বাণীতে বলেন, "১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকারী স্বাধীনতা বিরোধী একই ঘাতক চক্র শেখ হাসিনাকে হত্যার জন্য পরিকল্পিতভাবে ওই গ্রেনেড হামলা চালায়।" রাষ্ট্রপতি আরো বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য যে প্রতিক্রিয়াশীল ও স্বাধীনতা বিরোধী চক্র এখনো সক্রিয়, তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ও ঐক্য গড়ে তোলা সময়ের দাবি। বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমানের স্ত্রী দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমান ওই হামলায় নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/২৩২৭ঘ.