ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল ও নড়াইলে বৃহস্পতিবার রাতে অস্ত্র ও গুলি উদ্ধার করাহ হয়েছে।
গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র বিক্রেতা ও সাজাপ্রাপ্ত আসামিসহ নয়জনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: শহরের বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজা থেকে বৃহস্পতিবার রাতে একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
তাদের কাছ থেকে একটি মটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন - শিবগঞ্জ উপজেলার চক দৌলতপুর গ্রামের রকিব উদ্দীন (২৩) ও ঢাকার সাভারের ব্যাংক টাউন এলাকার রতন হোসেন (৩৫)।
রাজশাহী র্যাব-৫ এর উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, রাত ৯টার দিকে একটি মটরসাইকেলে করে তিন যুবক শিবগঞ্জ থেকে বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল ঘর এলাকায় আসে।
সেখানে ওঁৎ পেতে থাকা র্যাব সদস্যরা তাদের দেহ তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করে। এর মধ্যে একজন পালিয়ে যায়।
র্যাব কর্মকর্তা জানান, রকিব পেশাদার অস্ত্র চোরাকারবারি। তিনি শিবগঞ্জের সীমান্ত পথে পিস্তুলসহ গুলি ও ম্যাগাজিন নিয়ে এসে রতনের কাছে বিক্রি করেন।
রতনকে ঢাকার বাসে তুলে দিতে মটরসাইকেলে করে ওই এলাকায় আসে রকিব।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি আহসানুল হক জানান, রাত ১১টায় পিস্তুলসহ গুলি ও ম্যাগজিন পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
বরিশাল: র্যাব ও পুলিশের পৃথক অভিযানে খোলা বাজারে বিক্রির (ওএমএস) চালের ডিলারকে অস্ত্রসহ এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও মোবাইল চোরাই চক্রের সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে এদের প্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর ৭ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার কালাম মোর্শেদ ওরফে কালু (৪০), সাজাপ্রাপ্ত আসামি নান্না মিয়া ওরফে নান্নু (৩০), মোবাইল চোরাই চক্রের সদস্য শেরে-ই বাংলা মেডিকেল কলেজের ছাত্র দিদারুল ইসলাম (২৫), জহিরুল ইসলাম সুজন ওরফে বাঘা সুজন (২৫), তার সহযোগী মনির হোসেন (২৫), বাহাদুর খলিফা (২৫) ও মুরাদ তালুকদার (২৫)।
র্যাব-৮ এর ১ নম্বর কোম্পানি অধিনায়ক মেজর রাশেদুল হক খান সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৯টায় নগরীর কাউনিয়া ব্রাঞ্চরোড থেকে তাদের একটি দল কালুকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাসা থেকে একটি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে।
র্যাবের একটি গোয়েন্দা দল একই সময়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের তৃতীয়বর্ষের ছাত্র দিদারুল ইসলামকে চোরাই মোবাইল সেটসহ আটক করে।
তার স্বীকারোক্তি অনুযায়ী সুজন, মনির, বাহাদুর ও মুরাদকে আটক করা।
পরে আটককৃতদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
রাত ১০টায় নগরীর পলাশপুর সেতু থেকে চাঁদাবাজি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নান্না মিয়া ওরফে নান্নুকে (৩০) গ্রেপ্তার করে।
নান্নু উজিরপুর উপজেলার উত্তর বড়াকাঠি গ্রামের বাসিন্দা।
তাকে রাতেই উজিরপুর থানায় পাঠানো হয়েছে বলে জানান আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন।
নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় বৃহস্পতিবার রাতে ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার দুই আসামির স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেনলোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) শংকর মাতুব্বর।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৩টার দিকে লোহাগড়া-কালনা সড়কের একটি ইটভাটার পাশের কালভাটের নিচ থেকে একটি পিস্তল, এক রাউন্ড রাইফেলের গুলি, একটি রাম দা ও একটি বড় ছোরা উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমইউএস/এমএসবি/১৯৪৮ ঘ.
bdnews24