ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ব্যাংকের অনুদান গ্রহণ করবে না বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টিবোর্ড।
শুক্রবার এক বিবৃতিতে ট্রাস্টিবোর্ড এ কথা জানায়।
গত ১১ অগাস্ট ৩৩টি বাণিজ্যিক ব্যাংক ২৪ কোটি টাকারও বেশি অনুদান দেয় মুক্তিযুদ্ধ জাদুঘরকে। এরমধ্যে ইসলামী ব্যাংকের অনুদান ৫০ লাখ টাকা। এছাড়া রয়েছে চারটি রাষ্ট্রায়াত্ব ব্যাংকের অনুদান।
ওইদিন প্রধানমন্ত্রীর দপ্তরে এক অনুষ্ঠানে ব্যাংকগুলোর পক্ষে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুদানের চেক দেয়। তিনি মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে এ অনুদান গ্রহণ করেন।
জাদুঘরের কর্মকাণ্ড পরিচালনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণার জন্য এ অনুদান দেওয়া হয়।
ওই বিবৃতিতে বলা হয়, গত ৫ অগাস্ট ট্রাস্টিবোর্ডের সভায় সিদ্ধান্ত হয় যে, মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিলে স্বাধীনতা বিরোধী মহলের কোনো সাহায্য-সহযোগিতা গ্রহণ করা হবে না।
গত ১১ অগাস্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সরকারি- বেসরকারি ব্যাংকসমূহের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করে।
ওই অনুষ্ঠানে বিতর্কিত প্রতিষ্ঠানের (ইসলামী ব্যাংক) প্রতিনিধির উপস্থিতি ও চেক হস্তান্তরের মতো অনভিপ্রেত ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তবে এতে বিতর্কিত ওই প্রতিষ্ঠানের নাম ও এর দেওয়া অনুদানের পরিমাণ সম্পর্কে কিছু বলা হয়নি।
বিতর্কিত প্রতিষ্ঠানটি সম্পর্কে জানতে চাইলে মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টিবোর্ডের সদস্য আক্কু চৌধুরী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিষ্ঠানটি হলো ইসলামী ব্যাংক। এই ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে যারা জড়িত তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী। এজন্য ওই প্রতিষ্ঠানের অনুদান নেওয়া হবে না।"
তিনি বলেন, "স্বাধীনতা বিরোধী কোনো ব্যক্তিও যদি অর্থ দিতে চায়, তা-ও নেওয়া হবে না।"
আক্কু চৌধুরী আরো জানান, ওই অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ৫০ লাখ টাকা অনুদান দেওয়া হয় এবং পরে আরো ৬০ লাখ টাকা দেবে বলে তারা জানায়।
আগামী ডিসেম্বরে রাজধানীর আগারগাঁওয়ে দুই দশমিক আট বিঘা জমির উপর মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হবে বলে আক্কু চৌধুরী জানান।
মুক্তিযুদ্ধ জাদুঘর এ ব্যাপারে দেরিতে বিবৃতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইণ্ডিং কমিটির আহ্বায়ক এম এ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রাস্টিবোর্ডের আরো আগে বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করা উচিত ছিল।"
ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ১৬ জন সদস্যের মধ্যে নয়জনই যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ডিডি/এইচএ/১৯১৩ ঘ.
bdnews24