২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লেয়ার দম্পতি ঢাকায়

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বাংলাদেশে দুদিনের সফরে শুক্রবার বিকালে ঢাকায় পৌঁছেছেন। তার সঙ্গে স্ত্রী শেরি ব্লেয়ারও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 10:02 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বাংলাদেশে দুদিনের সফরে শুক্রবার বিকালে ঢাকায় পৌঁছেছেন। তার সঙ্গে স্ত্রী শেরি ব্লেয়ারও রয়েছেন। বিকাল সাড়ে ৩ টায় একটি বিশেষ বিমানে টনি ব্লেয়ার ঢাকায় হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছালে পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস ও ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স তাকে স্বাগত জানান। বাংলাদেশে টনি ব্লেয়ারের এটি দ্বিতীয় সফর। এর আগে ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এক রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় এসেছিলেন। বিমান বন্দরে ব্লেয়ার দম্পতিকে স্বাগত জানানোর পর পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, টনি ব্লেয়ারের এই সফর (ব্যক্তিগত হলেও) বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে সাহায্য করবে। বাংলাদেশের ব্যাপারে সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে। এ সফরে টনি ব্লেয়ারকে ঢাকায় ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা দেওয়া হয়েছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতার পর তিনি ব্রিটিশ হাইকমিশনে যাবেন। ঢাকায় অবস্থানকালে তারা থাকবেন বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে তার। টনি ব্লেয়ার বর্তমানে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে শান্তি প্রক্রিয়ার অন্যতম উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। এছাড়া পরিবেশ বিপর্যয় ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তার স্ত্রী শেরি ব্লেয়ার একজন মানবাধিকার আইনজীবি। ২০০৮ সালে বিশেষ কারাগারে আটক থাকা অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে তিনি কাজ করেন। এরপর গত জানুয়ারি মাসে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান-এ ফেলোশিপ প্রবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফর করেন শেরি ব্লেয়ার। সে সময়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। টনি ব্লেয়ারের নির্ধারিত কর্মসূচির মধ্যে আছে- শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগদান, শনিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ও বিকালে অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। এছাড়া শনিবার রাতে ব্রিটিশ হাইকমিশনারের দেওয়া নৈশভোজে যোগ দেবেন ব্লেয়ার দম্পতি। সফর শেষে রোববার সকালে ঢাকা ছেড়ে যাবেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এজে/কেএমএস/১৫৫৯ ঘ.