২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর-নীলফামারীতে ৫০ হাজার মানুষ পানিবন্দি

বৃষ্টিপাত ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে তিস্তার পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 01:08 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টিপাত ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে তিস্তার পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে রংপুরের গঙ্গাচড়া, নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে ৫০ হাজারের বেশি মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার দুপুরে তিস্তার পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার এবং রংপুরের গঙ্গাচড়া পয়েন্টে ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: রংপুর: বুধবার গভীর রাত থেকে তিস্তার পানি বেড়ে গঙ্গচড়া উপজেলার সাতটি ইউনিয়নের ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর আমন ধানের চারা। শত শত পরিবার বাঁধে আশ্রয় নিয়েছে। বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পানি আরো বাড়তে পারে। উপজেলার বন্যা কবলিত সাতটি ইউনিয়ন হচ্ছে- লক্ষ্মিটারী, গজঘন্টা , গঙ্গাচড়া সদর, নোহালী, কোলকোন্দ, মরনেয়া ও আলমবিদিতর। লক্ষ্মিটারী ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের প্রায় এক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তার ইউনিয়নের শংকরদাহ, পুর্ব ইছলী, পশ্চিম ইছলী, জয়রাম ওঝা, কলাগাছি ও মহিপুর গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। এলাকাবাসী অভিযোগ করেন, দুর্গত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা দেওয়া হয়নি। তবে রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান জানিয়েছেন, পানিবন্দি মানুষের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। নীলফামারী: জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার ৮টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৮ হাজার মানুষ। কমপক্ষে ৫ হাজার হেক্টর জমির উঠতি আমন, ভুট্টা ও মরিচ তলিয়ে গেছে। ভেসে গেছে ৫ শতাধিক পুকুরের মাছ। প্লাবিত ইউনিয়নগুলো হলো- ডিমলা উপজেলার খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ী ও গয়াবাড়ি এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, শৌলমারী ও ডাউয়াবাড়ি। বন্যা কবলিত অনেকেই আশ্রয় নিয়েছে তিস্তার ডানতীর রক্ষা বাঁধ ও স্থানীয় স্কুল-কলেজের মাঠে। পাউবোর ডালিয়া কার্যালয় জানায়, বুড়ি তিস্তা, চাড়ালকাটা, বুড়িখোড়া, ধুম, যমুনেস্বরী, শালকি, নাউতারা, খড়খড়িয়া ও বামনডাঙ্গা নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সংস্থার ডালিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বুধবার রাতেও তিস্তার পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার (বিপদসীমা ৫২ দশমিক ৪০সেন্টিমিটার) নিচে ছিলো। বৃহস্পতিবার সকাল থেকে পানি বাড়তে থাকে। দুপুরের দিকে পানি বেড়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। নীলফামারী জেলা প্রশাসক জিল্লুর রহমান জানান, দুর্গতদের জন্য ১০ হাজার টাকা ও ৫ মেট্রিক টন চাল জরুরী ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও বরাদ্দ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯০৫ ঘ.