ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরিচ্ছন্ন ও খোলা পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগে চকবাজারে ছয় দোকানিকে ১লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের ভেজাল বিরোধী অভিযানে তাদের এ জরিমানা করা হয়।
তবে এসব ইফতার সামগ্রী জব্দ বা নষ্ট না করায় অভিযান শেষে দোকানিরা তা আবার বিক্রি শুরু করে।
অভিযানের নেতৃত্বে থাকা ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র্যাব ও পুলিশের সহায়তায় চকবাজারের ইফতারির দোকানগুলোতে এ অভিযান চালানো হয়।"
এ সময় ছয়টি দোকানে উন্মুক্ত এবং অপরিচ্ছন্ন অবস্থায় ইফতারের বিভিন্ন খাবার পাওয়া যায়। এসব খাবার স্বাস্থ্যসম্মত নয় বলে জানান তিনি।
তিনি বলেন, "একারণে বিশুদ্ধ খাবার আইনের ২৩ ধারায় তাদের মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।"
অভিযান শেষে পুনরায় অপরিচ্ছন্ন ইফতার সামগ্রী বিক্রি সম্পর্কে তিনি বলেন, সাধারণ মানুষ তো আগে থেকে এসব খাবার খেয়ে অভ্যস্থ। তবে এরপর খোলা রেখে আর যেন খাবার বিক্রি না করে সে ব্যাপারে দোকানিদের সর্তক করে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেবি/এইচএ/১৮২০ ঘ.
bdnews24