নারায়ণগঞ্জ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরে একটি পোশাক তৈরির মার্কেটে আগুনে ২০টি দোকান ও করাখানা পুড়ে গেছে।
বুধবার বিকালে শহরের দেওভোগ শেরেবাংলা মার্কেটে এই অগ্নিকাণ্ড হয়।
আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের শহরের খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ দমকলের পাঁচটি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিপক্ষ দাবি করেছে।
প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী জানায়, বিকাল ৩টার দিকে মার্কেটের দোতলা টিনের ঘরে একটি পোশাক তৈরির কারখানায় আগুনের সুত্রপাত হয়।
মার্কেটে ঈদ উপলক্ষে তৈরি করা বিপুল তৈরি পোশাক, মাথার টুপি, থ্রি পিছ, সালোয়ার কামিজ, সুতা, মাথার ক্যাপ, বিভিন্ন মালামাল, সেলাই মেশিন পুড়ে গেছে।
মার্কেটের কারখানার শ্রমিক স্বপন, সালাম ও রফিকুল ইসলাম রফিক জানান, এই মার্কেটে প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করে। দোকান রয়েছে শতাধিক। এসব দোকানে কাটা কাপড় ও থান কাপড় থেকে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে দেশের বিভিন্ন স্থানে পাইকারী সরবরাহ করা হয়।
ক্ষতিগ্রস্ত জোনাকী স্টোরের মালিক মামুন কবির জানান, ঈদ উপলক্ষে প্রতিটি দোকানে পণ্য বোঝাই ছিল। উপরে তার প্রতিষ্ঠানের কারখানায় কাজ চলছিল। তার দু'টি দোকানে থান ও টুপি মিলিয়ে প্রায় পনের থেকে বিশ লাখ টাকার মালামাল ছিল, যার অধিকাংশই পুড়ে গেছে।
দমকল বাহিনীর নারায়ণগঞ্জের উপ-পরিচালক আহসানুল কবির জানান, মার্কেটে বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের চালু করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৫ ঘ.
bdnews24