২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ন্যায্যমূল্যের দোকানে ক্রেতা কম

পঞ্চগড়ে ক্রেতার অভাবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির ন্যায্যমুল্যের দোকানগুলো দিনের অধিকাংশ সময়ই বন্ধ থাকছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 03:42 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

পঞ্চগড়, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ে ক্রেতার অভাবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির ন্যায্যমুল্যের দোকানগুলো দিনের অধিকাংশ সময়ই বন্ধ থাকছে। টিসিবির পণ্য মূল্যের সঙ্গে বাজার মূল্যের তেমন পার্থক্য না থাকায় ক্রেতারা এসব দোকানে যেতে আগ্রহ দেখাচ্ছে না। বুধবার বিকালে পঞ্চগড় শহরের বণিক সমিতি রোডে টিসিবির ডিলার শেখ আব্দুল হান্নানের দোকানটি বন্ধ দেখা গেছে। হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজ (বুধবার) বিকাল পর্যন্ত মাত্র ৫ কেজি চিনি ও ২-৩ কেজি ছোলা বিক্রি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র নয়শ' টাকার পণ্য। দোকানে দুই তিনজন লোক অলস সময় কাটাচ্ছে। বাজারের দামের সঙ্গে টিসিবির পণ্যে দামের খুব একটা পার্থক্য নেই। এ জন্য ক্রেতারা টিসিবির ন্যায্যমূল্যে দোকানে আসতে আগ্রহ দেখাচ্ছে না বলে মনে করেন তিনি। এ অবস্থায় প্রথম বরাদ্দের পণ্যগুলো হয়ত গোটা রমজানে বিক্রি হবে না বলে হান্নান আশঙ্কা প্রকাশ করেন। তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকার ডিলার সাইফুল ইসলাম বলেন, "আমরা সয়াবিন ৭৮ টাকা লিটার, চিনি ৪৫ টাকা ও ছোলা ৪০ টাকা দরে বিক্রি করছি। কিন্তু খোলা বাজারে চিনি ৪৭ টাকা, ছোলা ৪২ টাকা, সয়াবিন তেল ৮০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। দামের বড়রকমের হেরফের না থাকায় টিসিবির পণ্য বিক্রি হচ্ছে না।" শহরতলীর বলেয়া পাড়া গ্রামের সামসউদ্দীন চৌধুরী কালাম বলেন, "দুই এক টাকার জন্য কে লাইনে দাঁড়িয়ে ছোলা চিনি কিনতে যাবে? আর সয়াবিন তেল কয়জনে একসঙ্গে ৫ লিটার কিনে? আমাদের মত গরীব এলাকায় আধা বা এক লিটার কেনাই দায় হয়ে পড়ে।" ঘাটিয়ার পাড়ার তফেজুল বলেন, "দোকানত দামও তেমন বেশি নাই, আর দুই এক টাকা বাকিও পাওয়া যায়। ওইতানে (এজন্য) ডিলারের কাছে কিনিবা যাই না।" জানা গেছে, টিসিবি সদর উপজেলায় চারজন, বোদা ও আটোয়ারীতে দুজন করে এবং দেবীগঞ্জে একজন ডিলার নিয়োগ দিয়েছে। এসব ডিলারের প্রত্যেককে প্রাথমিক পর্যায়ে ৩ হাজার কেজি চিনি, ১ হাজার লিটার সয়াবিন তেল ও ১ হাজার কেজি ছোলা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিজন ক্রেতা সর্বোচ্চ ৭৮ টাকা কেজি দরে ৫ লিটার সয়াবিন তেল (এক জার), ৪৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি ও ৪০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা কিনতে পারবেন। চিনি ও ছোলা এক কেজির কমে বিক্রি হয় না। সে কারণে স্বল্প আয়ের লোকজন ন্যায্যমূল্যের দোকানে যেতে চান না বলে মনে করেন ডিলার ও ক্রেতারা। জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, "সরকারের কঠোর নজরদারির ও টিসিবির পণ্য বাজারে থাকায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে। এ কারণে মানুষও স্বস্তিতে রয়েছে।" রমজানে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে টিসিবি ডিলারদের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সিদ্ধান্ত নেয়। সারা দেশে ১৮১৯ জন ডিলার নিয়োগ দেওয়া হয় এবং ৮ অগাস্ট থেকে তাদের পণ্য সরবরাহ শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৩ ঘ.