২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেশি দাম: ১৮ ব্যবসায়ীকে জরিমানা

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং দোকানে মূল্য তালিকা না রাখার অপরাধে বুধবার ১৮ জন ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 10:58 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং দোকানে মূল্য তালিকা না রাখার অপরাধে বুধবার ১৮ জন ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। দ্রব্যমূল্য মনিটরিংয়ের কাজে নিয়োজিত তিনটি টিম রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর আগে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে একই অপরাধে ১২ জন দোকান মালিককে পৌনে তিন লাখ টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিনগর বাজার, মোহাম্মদপুর টাউন হল বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালানো হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার ও ব্যবসায়ীদের সমন্বয়ে কিছু পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, প্রতি কেজি চিনি ৪৭ টাকা, সয়াবিন তেল ৮০ টাকা, পাম সুপার তেল ৭৬ টাকা, পাম তেল ৭৩ টাকা, গরুর মাংস ২৫০ টাকা এবং খাসির মাংস ৩৫০ টাকা। মোহাম্মদপুর টাউন হল মার্কেটে সয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় রাব্বী স্টোরকে ৩০ হাজার টাকা, মামনি ভ্যারাইটি স্টোরকে ২৫ হাজার, নাসিমা জেনারেল স্টোরকে ৩০ হাজার, মেসার্স হক ট্রেডার্সকে ২৫ হাজার এবং রামগঞ্জ মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দোকানে দ্রব্যমূল্যের তালিকা না রাখার দায়ে যশোর ট্রেডার্সকে ২৫ হাজার এবং শাকিল ডিপার্টমেন্টাল স্টোরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। শান্তিনগর বাজারে বেশি মূল্যে চিনি বিক্রি করায় আব্দুল হাই ষ্টোর, মতলব ষ্টোর, নিউ কাজী জেনারেল ষ্টোর, অনুপম ষ্টোর, চৌধুরী ট্রেডার্স, মক্কা ষ্টোর, পপুলার ষ্টোর, বাতেন ষ্টোর, কুদ্দুস ষ্টোর ও সাহাবুদ্দিন জেনারেল ষ্টোরকে মোট ৫০ হাজার টাকা এবং মেসার্স মৌসুমী ট্রেডার্সকে বেশি মূল্যে সয়াবিন ও পাম ওয়েল বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পুরো রোজার মাসে অভিযান অব্যাহত থাকবে এবং একই বাজারে বার বার অভিযান পরিচালনা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/কেএমএস/১৬৫৬ ঘ.