গাজীপুর, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার তারগাছ বড়বাড়িতে বাস চাপায় এক পোশাক শ্রমিক নিহত হওয়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে।
সকাল সাড়ে ৮ টা থেকে প্রায় আধঘণ্টা অবরোধকালে সড়কের দুদিকে দীর্ঘ যানজট লেগে যায়।
নাওজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারগাছ বড়বাড়ি এলাকার ওয়াল্টজ টেক ফ্যাশন লিমিটেডের নিটিং অপারেটর সুজন মিয়া (৩০) বুধবার ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মীরা ঘাতক বাসটি আটক ও চালকের বিচার দাবিতে পোশাক কারখানার কাছে সকাল ৮ টার দিকে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সকাল সাড়ে ৮ টার দিকে তারা বড়বাড়িতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। তারা ৫/ ৬টি গাড়ি ভাংচুর করে।
এ সময় সড়কের দুদিকে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে এবং যানজট লেগে যায়।
সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে বলে শ্রমিকদের আশ্বস্ত করলে শ্রমিকরা সকাল ৯টার দিকে রাস্তা থেকে সরে যায়।
পরে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।
ওয়াল্টজ টেক ফ্যাশন লিমিটেডের মহাব্যবস্থাপক আবু সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুজন মিয়ার মৃত্যুতে তাদের কারখানার নিটিং বিভাগে বুধবার এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
ময়না তদন্ত না করে সুজন মিয়ার মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২০৮ ঘ.
bdnews24