২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিড ফার্মার বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

ভেজাল প্যারাসিটামল সিরাপ প্রস্তুতের অভিযোগের মামলায় রিড ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি গবেষণাগার প্রতিবেদনের কারণে পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 04:13 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেজাল প্যারাসিটামল সিরাপ প্রস্তুতের অভিযোগের মামলায় রিড ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি গবেষণাগার প্রতিবেদনের কারণে পিছিয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকার ওষুধ আদালতের (ড্রাগ) বিশেষ পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার মামলার অভিযোগ গঠনের দিন ছিল। ওই দিন তিনি বিচারকের কাছে শুনানির জন্য সময় চান। বিচারক আবদুল মজিদ আবেদন মঞ্জুর করে ৯ সেপ্টেম্বর নতুন দিন নির্ধারণ করেন বলে জানান জাহাঙ্গীর। তিনি বলেন, "মামলার তদন্ত কর্মকর্তার দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগ গঠন হলে মামলাটির পরিণতি কী হবে তা নিয়ে বাদির সঙ্গে আলোচনার জন্য সময় চেয়েছি।" গত বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত রীড ফার্মাসিউটিক্যালসের প্রস্তুত প্যারাসিটামল সিরাপ পান করে সারা দেশে ২৮ শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া যায়। গত বছরের ১০ আগস্ট ঢাকার ড্রাগ আদালতে ড্রাগ সুপার শফিকুল ইসলাম বাদি হয়ে এ মামলা করেন। ওইদিনই আসামিদের গ্রেপ্তারের আদেশ দেয় আদালত। একই সময় ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে রিড ফার্মার বিরুদ্ধে আরো চারটি মামলা হয়। ওই প্যারাসিটামল সিরাপে বিষাক্ত উপাদান ডাইইথালিন গ্লাইকল পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয় গবেষণাগার প্রতিবেদনে। বিচারক এ বিষয়টি উল্লেখ করে মামলার প্রধান অভিযুক্ত রিড ফার্মার সত্বাধিকারী মো. মিজানুর রহমানকে চলতি বছরের ১৮ এপ্রিল অনির্ধারিত তারিখে শুনানির পর জামিন দেওয়া হয়। অনির্ধারিত তারিখে জামিন আবেদন শুনানি এবং জামিন মঞ্জুর হওয়ায় তখন এ নিয়ে সমালোচনা হয়। মামলার অন্য তিন আসামি রিড ফার্মাসিউটিক্যালসের পরিচালক আবদুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক পলাতক আছেন। বিডিনিউজ টোয়েন্টিফৈার ডটকম/পিবি/এমইউএস/এএনএস/পিডি/২১৫৬ ঘ.