২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিবকে নিয়ে কটুক্তি করায় কলেজ শিক্ষক আটক

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটুক্তি করার অভিযোগে মঙ্গলবার সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা থেকে এক কলেজ শিক্ষককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 11:37 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

সাতক্ষীরা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটুক্তি করার অভিযোগে মঙ্গলবার সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা থেকে এক কলেজ শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক আসাদুল্লাহ আল গালিব ছফুরুন্নেছা মহিলা কলেজের প্রভাষক। তিনি শহরের বাঁকাল এলাকার আব্দুল ওহেদের ছেলে। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) অমল কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে শহরের ইটাগাছা এলাকার ছফুরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার স্বপ্নার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তাদের মধ্যে কলেজের প্রভাষক আসাদুল্লাহ আল গালিব শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলেন, "ষোলআনা পূর্ণ হয়েছে তাই শেখ মুজিব গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আমি মন থেকে কোনোদিন শেখ মুজিবকে জাতির জনক হিসেবে মেনে নিতে পারবো না"। বিষয়টি জানার পর পুলিশ সুপারিনটেন্ডেট (এসপি) এস এম মনিরউজ্জামানের নির্দেশে বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সবুর জানান, এ ব্যাপারে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য এম মুনসুর আহম্মেদ থানায় একটি মামলা করেছেন। মামলায় বলা হয়েছে, আসাদুল্লাহ আল গালিব দীর্ঘদিন ধরে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থেকে শেখ মুজিবুর সম্পর্কে অশালীন মন্তব্য ও কটুক্তি করে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭৩৪ ঘ.