ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী আলোচিত সিরিজ বোমা হামলার পাঁচ বছর পূর্ণ হলো। এই পাঁচ বছরেও নির্মূল হয়নি জঙ্গি তৎপরতা। শেষ হয়নি বিচার কাজ।
২০০৫ সালের ১৭ অগাস্ট জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) দেশের ৬৪টি জেলার মধ্যে মুন্সিগঞ্জ ছাড়া বাকি ৬৩টি জেলায় এক যোগে সিরিজ বোমা হামলা চালায়। এই ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।
সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে মুন্সিগঞ্জ ছাড়া দেশের প্রতিটি জেলায় বোমা হামলা চালিয়ে জেএমবি তাদের অবস্থান জানান দেয়।
বিস্ফোরণ স্থলগুলোতে পাওয়া যায় জেএমবির প্রচারপত্র। প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা বাতিল করে আল্লাহর আইন বাস্তবায়নের দাবি সম্বলিত এসব প্রচারপত্র ছিল অভিন্ন।
হামলাগুলো মূলত আদালত ভিত্তিক করা হয়। এর পরেই জেএমবি মূখ্য আলোচনায় চলে আসে। শুরু হয় গোয়েন্দা সংস্থার নতুন হিসাব নিকাশ।
২৭ অগাস্ট এবং পরবর্তীতে সারা দেশে প্রায় ৫ শত বোমা হামলার ঘটনায় ২ বিচারকসহ অন্তত ২৩জন নিহত হয়।
সিআইডি সুত্র জানায়, ২০০৫ সালের ১৭ অগাস্ট বোমা হামলার ঘটনায় সারা দেশে ১৫৪টি মামলা হয়। পরবর্তীকালে ২০০৭ সালের ১২ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বোমা হামলার ঘটনায় আরো ১১৯টি মামলা হয়। জেএমবি সংক্রান্ত এই ২৭৩টি মামলার মধ্যে বেশিরভাগ মামলার তদন্তের দায়িত্ব নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এসব মামলার অধিকাংশ ক্ষেত্রেই সিআইডি আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে সাক্ষ্য প্রমাণের অভাবে ১৭ অগাস্টের অন্তত ৪টি মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিল করে সিআইডি। এর মধ্যে ঢাকার ডেমরার একটি রয়েছে।
অভিযোগপত্র দেওয়া মামলাগুলোর মধ্যে অধিকাংশ মামলার বিচার সম্পন্ন হয়েছে। আসামিদের ফাঁসিসহ বিভিন্ন মেয়াদে সাজার রায় হয়েছে। কয়েকটি মামলার বিচার কাজ শেষ হয়নি।
এখনো ৫টি মামলার তদন্ত চলছে বলে সিআইডি সূত্র জানায়। এসব ঘটনায় আটশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, আতাউর রহমান সানি, খালেদ সাইফুল্লাহ রয়েছে।
এই চারজনসহ মোট ছয়জনের ফাঁসি ২০০৭ সালে ২৯ মার্চ রাতে কার্যকর হয়। অপর দুইজন হচ্ছে ইফতেখার হাসান মামুন এবং আব্দুল আউয়াল। বোমায় ঝালকাঠিতে বিচারক সোহেল আহমেদ চৌধুরী ও জগন্নাথ পাঁড়ে হত্যা মামলায় দোষি সাব্যস্ত করে আদালতের দেওয়া রায় এই ছয়জনের ফাঁসির মাধ্যমে কার্যকর করা হয়।
জঙ্গি উত্থানের পর র্যাব, পুলিশসহ দেশের প্রতিটি গোয়েন্দা সংস্থা মাঠে নামে জঙ্গিদের গ্রেপ্তারের জন্য। সর্বশেষ জেএমবির শীর্ষ নেতা মাওলানা সাইদুর রহমান ওরফে জাফরকে (৫১) গত মে মাসে তিন সহযোগীসহ রাজধানীর পূর্ব দনিয়া থেকে গ্রেপ্তার করা হয়। সাইদুরের অবর্তমানে দায়িত্বপ্রাপ্ত ভাগিনা শহীদ ওরফে আনোয়ার আলমকেও গত ১২ জুলাই বগুড়ায় অভিযান চালিয়ে পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, ২০০৫ সালের ১৭ অগাস্টের পর থেকে এ পর্যন্ত জেএমবির প্রায় দেড় হাজার নেতা-কর্মীকে র্যাব ও পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক। ফলে জেএমবির সাংগঠনিক কার্যক্রম মূলত ভেঙ্গে পড়েছে বলে র্যাব ও পুলিশ দাবি করে।
এ ব্যাপারে র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাব জঙ্গি দমনে তৎপর রয়েছে। এই তৎপরতার কারণে বড় ধরণের কোন নাশকতা ঘটানোর মত ক্ষমতা তাদের আর নেই। কেননা, তাদের গতিবিধি নজরদারির মধ্যে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/০৯৫৭ ঘ.
bdnews24