২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বঙ্গবন্ধুকে জাতির পিতার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে'

স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানকে 'জাতির পিতা' হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 02:57 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানকে 'জাতির পিতা' হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সংবিধান সংশোধন বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, "সংবিধান সংশোধন করে ৩ ও ৪ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে লিখবো- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।" সুরঞ্জিত আরো বলেন, "সংবিধানের মাধ্যমে আইন করে জাতির পিতার ছবি সবার ওপরে তোলা হবে। সব অফিসে জাতির পিতার ছবি থাকবে।" ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বিকালে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা ও সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরীসহ মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যরা। পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে সংবিধান সংশোধনে সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারপারসন এবং সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে গত ২১ জুলাই ১৫ সদস্যের 'সর্বদলীয় সংসদীয় কমিটি' গঠন করা হয়। জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালীর ২৬৬ বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী বিশেষ এই কমিটির সদস্যদের নাম প্রস্তাব করলে কণ্ঠভোটে সর্বসম্মতভাবে তা পাস হয়। এর আগে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী সংবিধান সংশোধনে একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/২০৪১ ঘ.