সিরাজগঞ্জ, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ নছিমন-ভটভটি ও হিউম্যান হলার বন্ধের দাবিতে এবং শ্রমিক লাঞ্চিত হওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন সোমবার ভোরে বাস চলাচল বন্ধ করে দেয়।
এর আগে তারা রোববার জেলার অভ্যন্তরীণ সিরাজগঞ্জ-কাজিপুর এবং সিরাজগঞ্জ-এনায়েতপুর দু'টি রুটে বাস বন্ধ করে দেয়।
হঠাৎ বাস বন্ধ হওয়ায় ঢাকা ও উত্তরাঞ্চলগামী শত শত যাত্রী বিপাকে পড়েছে।
বিক্ষুব্ধ বাস চালক-শ্রমিক ও নেতারা সিরাজগঞ্জে বিভিন্ন মোড় ও সি.এন.জি গ্যাস ষ্টেশনের সামনে অবস্থান নিয়ে সি.এন.জি চালিত অটোরিক্সা চলাচলে বাঁধা দেওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরো বেড়ে গেছে। স্থানীয় প্রশাসন এখনও তাদের দাবির বিষয়টি আমলে নেয়নি বলে শ্রমিক নেতারা জানান।
সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. নাসির উদ্দিন বলেন, "অবৈধভাবে চালিত এসব ভটভটি ও হিউম্যান হলার চালকরা দীর্ঘদিন ধরে বাস-শ্রমিকদের ওপর নির্যাতন করে আসছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা সত্বেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় তারা এ ধর্মঘট ডেকেছেন।"
তবে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, শ্রমিকদের এ আন্দোলনের সাথে বাস মালিক সমিতির কোন সম্পৃক্ততা নেই।
এদিকে নছিমন-ভটভটি ও হিউম্যান হলার মালিক-শ্রমিকদের অনেকেই বলেছেন, জেলার বিভিন্ন রুটে বাস মালিক-শ্রমিকরা দীর্ঘদিন থেকে যাত্রীদের জিম্মি করে রেখেছে। তাদের যানবাহনকে অবৈধ বলা হলেও জেলার বিভিন্ন রুটে চলাচলকারী বেশিরভাগ বাস, কোচ ও মিনিবাসেরই কোন কাগজপত্র নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২১৭ ঘ.
bdnews24