চট্টগ্রাম, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সিএনজি ফিলিং স্টেশন অপসারণের জন্য চট্টগ্রাম নগর সংস্থাকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
নগরীর দামপাড়ায় অবস্থিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ ক্যাম্পাসের নিচ তলায় অবস্থিত ফিলিং স্টেশনটি ৩০দিনের মধ্যে সরাতে বলা হয়েছে।
রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এই নোটিশ জারি করেন।
নির্ধারিত সময়ের মধ্যে ফিলিং স্টেশনটি সরিয়ে ফেলা না হলে ক্ষতিপূরণ আদায় এবং মালামাল ও স্থাপনা জব্দ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সিএনজি ফিলিং স্টেশন উভয়ই চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিকানাধীন।
বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নগরীর প্রবর্তক মোড়ে।
এই এলাকায় নর্দমার ওপর নির্মিত একটি ভবন ও জামাল খান এলাকার চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে বিশ্ববিদ্যালয়ের আরো দুটি ক্যাম্পাস রয়েছে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিপজ্জনক ও দুর্ঘটনার ঝুঁকি থাকায় ফিলিং স্টেশনটি সরিয়ে ফেলতে নোটিশ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, পরিবেশ সংরক্ষণ আইনে ফিলিং স্টেশনের পরিবেশ ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক হলেও এর জন্য ছাড়পত্র নেওয়া হয়নি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোটিশের বিষয়টি তিনি জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮৩৪ ঘ.
bdnews24