২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবসে ছুটি না পেয়ে ভাংচুর, সড়ক অবরোধ

জাতীয় শোক দিবসে রোববার কারখানা বন্ধ না রাখায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকার হাসিম সোয়েটার কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 06:40 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

গাজীপুর, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শোক দিবসে রোববার কারখানা বন্ধ না রাখায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকার হাসিম সোয়েটার কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল ৮ টার দিকে কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কিছু গাড়ি ভাংচুর করে। এর ফলে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৮টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। শ্রীপুর থানার ওসি নাজমুল হক ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাতীয় শোক দিবসে ছুটি না দেওয়ায় শ্রমিকরা সকাল ৮টার দিকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ করে কারখানার জানালার কাঁচ এবং কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বেশ কয়টি গাড়ির কাঁচ ভাংচুর করে। পরে কর্র্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা চলে যায়। ওদিকে জুলাই মাসের বেতনের দাবিতে টঙ্গী বাজার সংলগ্ন ডায়না কম্পোজিট কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক জানান, জুলাই মাসের বেতন গত মঙ্গলবার দেওয়ার কথা থাকলেও মালিক পক্ষ তা রোববারও না দেওয়ায় শ্রমিকরা কর্মবিরতি শুরু করে ও বিক্ষোভ করতে থাকে। পুলিশের সহায়তায় কারখানা কর্র্তৃপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের বৈঠকে দুপুর পৌনে একটার দিকে সমঝোতা হওয়ার পর পরিস্থিতি শান্ত হয়ে আসে এবং শ্রমিকরা কাজে যোগ দেয়। সমঝোতা অনুযায়ী কারখানা কর্তৃপক্ষ রোববারই দুলাখ টাকা বেতন বাবদ পরিশোধ করবে। বাকী টাকা আগামী ২৫ আগস্ট পরিশোধ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৩৪২ ঘ.