২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় ভুয়া মেজর গ্রেপ্তার

শোক দিবসে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর সফরে নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী মেজর পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

গোপালগঞ্জ, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শোক দিবসে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর সফরে নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী মেজর পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার নাজমুল হাসান ফুহাদ (৩১) বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। শুক্রবার সকালে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর কবর সংলগ্ন হেলিপ্যাড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে হাজির করে পুলিশী জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, নাজমুল হাসান ফুহাদ অত্যন্ত প্রশিক্ষিত, মেধাবী ও কুশলী। তার কথাবার্তায় নাশকতা ঘটাতে পারে এমন সন্দেহ হচ্ছে। তিনি হেলিপ্যাডের পাশের পিলারগুলো সন্দেহজনকভাবে নাড়াচাড়া করছিলেন। কিন্তু এখন পাগলের ভান করছেন। টুঙ্গিপাড়া থানার ওসি মো. ছয়রুদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল পৌনে ১০টার দিকে নাজমুল হেলিপ্যাডের মধ্যে ঢুকে পড়েন। ওই সময় তিনি নিজেকে ডিজিএফআই হেড কোয়ার্টারের মেজর পরিচয় দিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা তদারকী করছেন বলে পুলিশ ও ডিজিএফআই সদস্যদের জানায়। পুলিশ কর্মকর্তা বলেন, তার আচরণে সন্দেহ হলে ডিজিএফআই সদস্যদের জিজ্ঞাসাবাদে তিনি এলোমেলো কথা বলতে থাকেন। এরপর ডিজিএফআই সদরদপ্তরে খোঁজ নিয়ে ভূয়া নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, নাজমুল হাসান মাদকাসক্ত। তার বাবা মো. হাবিবুর রহমান অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী। তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় কোনো মামলা বা অভিযোগ নেই। তিনি মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি পান্না চৌধুরীর ভাগ্নে বলেও পুুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৭ ঘ.