গাজীপুর, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক পোশাক শ্রমিক মারা গেছেন।
শুক্রবার সকালে মাটিকাটা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।
নিহতের নাম- ছাদিকুল ইসলাম (৩০)। তিনি স্থানীয় ডালাস ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক ছিলেন। ছাদিকুল পূর্ব চন্দ্রা এলাকায় জয়নাল আবেদিনের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় মুদি দোকানি শওকত হোসেন সাংবাদিকদের জানান, শুক্রবার সকাল ১০টার দিকে রেললাইনের উপর দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে হাটছিলেন ছাদিকুল।
এ সময় সুন্দর বন এক্সপ্রেস নামের একটি ট্রেন জয়দেবপুরের দিকে যাচ্ছিলো। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ত মৃত্যু হয়।
খবর পেয়ে তার স্বজনরা বিকাল ৩টার দিকে ওই যুবকের লাশ নিয়ে গেছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে তারা কিছু জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৩ ঘ.
bdnews24