সিরাজগঞ্জ, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস, লুটপাট ও ভাংচুরের মামলায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছসহ দু'জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার ভোরে তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরেকজন হলেন- আনিছের চাচাতো ভাই আব্দুল হান্নান।
তাড়াশ থানার ওসি মো. আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে ব্যবসায়িক কোন্দলের জেরে আনিছ তার দলবল নিয়ে তাড়াশ বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী আব্দুস সালামের দোকানে হামলা চালান এবং তাকে পিটিয়ে আহত করেন।
পরে তারা ওই ব্যবসায়ীর দোকান থেকে নগদ টাকা ও মালামাল লুট করে।
আহত ব্যবসায়ী এখন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় সালামের বড়ভাই বাহাদুর আলী ওই রাতেই আনিছসহ আটজনের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮২১ ঘ.
bdnews24