ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি নির্দেশ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ, সারোয়ার আহাদ চৌধুরী, আসাদুজ্জামান সিদ্দিকী ও তপন কুমার দাস রিট আবেদনটি দায়ের করেন।
আবেদনটিতে সরকারেরর মন্ত্রীপরিষদ সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ ১৫ জনকে বিবাদি করা হয়েছে।
জনস্বার্থে দায়ের করা রিট আবেদনটির ওপর দুপুরে এই বেঞ্চ শুনানি হতে পারে বলে জানান রিটকারীর পক্ষে ব্যারিস্টার মোখছেদুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি আরো বলেন, "বাংলাদেশে বর্তমানে বিশাল জনসংখ্যা রয়েছে। এসব জনসংখ্যার মৌলিক চাহিদা পুরণ করা যাচ্ছে না। যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে যে সমস্যার সৃষ্টি হবে তা সমাধান করা যাবে না। সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪০৯ ঘ.
bdnews24