২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম শুরু শুক্রবার

দীর্ঘ আট বছর পর পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে আখাউড়া স্থলবন্দর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 06:36 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ আট বছর পর পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে আখাউড়া স্থলবন্দর। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান আগামী ১৩ আগস্ট দেশের অন্যতম রপ্তানিমুখী এ বন্দরটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। স্থল বন্দর কর্তৃপক্ষ প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বন্দরটির ভূমি উন্নয়ন ও প্রাথমিক অবকাঠামো নির্মাণ করেছে। বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান একেএম ইয়াহিয়া চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ণাঙ্গ স্থল বন্দর হিসেবে কার্যক্রম শুরু করতে ন্যূনতম যেসব অবকাঠামো ও সুযোগ-সুবিধা প্রয়োজন, তা নির্মাণ করা হয়েছে। তবে এসব সুযোগ-সুবিধা একেবারেই প্রাথমিক পর্যায়ে। ভবিষ্যতে আরো উন্নয়ন কাজের মাধ্যমে এ বন্দরটিকে আধুনিক স্থল বন্দর হিসেবে গড়ে তোলা হবে। বর্তমানে বন্দরের কার্যক্রম পরিচালনার জন্য ওয়্যারহাউজ (গুদাম) ও শুল্ক স্টেশন স্থাপন করা হয়েছে বলে তিনি জানান। স্থলবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ বন্দরটিকে বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার (বিওটি) পদ্ধতিতে পরিচালনা করা হবে। এজন্য চার দফায় প্রাক-যোগ্যতা যাচাইয়ের জন্য আবেদন নেওয়া হয়েছে। এর মাধ্যমে ইতোমধ্যেই মোট ২১টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়। দরপত্রের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের মধ্য থেকেই যোগ্য প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে অপারেটর নিয়োগ করা হবে। এজন্য যাবতীয় নথিপত্র ইতোমধ্যেই মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় দরপত্রের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করে কার্যাদেশ দেবে। বর্তমানে এটিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে জানা গেছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সীমান্তবর্তী এ স্থলবন্দরের মূল আয়ই হচ্ছে রপ্তানিমুখী। গত অর্থবছরে এ বন্দর দিয়ে চার লাখ ৪২ হাজার ৯৬৫ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। একই সময়ে আমদানি হয় মাত্র ৫৫৭ মেট্রিক টন পণ্য। এই বন্দর দিয়ে রপ্তানিপণ্যের মধ্যে রয়েছে- মাছ, সিমেন্ট, ব্যাটারি, ফার্নিচার, গ্ল্যাস (কাঁচ), প্লাস্টিক সামগ্রী, সয়াবিন তেল ও টাইলস। অন্যদিকে আমদানি হয় বাঁশ, হলুদ, ঘড়ি, আদা, মার্বেল স্লাব, মাছ, চামড়া, কাপড়, যন্ত্রাংশ ও ফলমূল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শুল্ক স্টেশনকে ২০০২ সালের ১২ জানুয়ারি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষণা করা হয়। এর বিপরীতে ভারতীয় অংশে রয়েছে ত্রিপুরার আগরতলা পৌরসভার রামনগর এলাকা। তবে অবকাঠামোসহ অন্য সুযোগ-সুবিধা নিশ্চিত না হওয়ায় পুরোপুরি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ২০০৫ সালের ১১ আগস্ট স্থল বন্দরটির উন্নয়নে 'প্রাইভেট সেক্টর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট'-এর অধীনে তালিকাভুক্ত করা হয়। এ প্রকল্পের ন্যূনতম সম্ভাব্য ব্যয় ধরা হয় আট কোটি ৭৫ লাখ টাকা। প্রাথমিক পর্যায়ে ব্যয় হয়েছে সাড়ে চার কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/০০২৬ ঘ.