ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার পর এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।
এতে খালেদা জিয়া মুসলিম উম্মাহর অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, "আত্মসংযম ও আত্মশুদ্ধির মহান বার্তা নিয়ে রমজান আবার আমাদের মাঝে উপস্থিত হয়েছে।
"সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সব রকমের লোভ-লালসার উর্ধ্বে ওঠে অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকা রমজানের প্রধান শিক্ষা। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদের পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের ব্রতী হতে হবে।"
বিএনপি চেয়ারপারসন সবার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেবি/এইচএ/২০২৪ ঘ.
bdnews24