২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে সাভার ও নাটোরে ভাঙচুর-অবরোধ

বিদ্যুতের দাবিতে সাভার ও নাটোরের বিক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 12:15 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে সাভার ও নাটোরের বিক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে। বুধবার দুপুরে পাঁচ শতাধিক চালকল মালিক, শ্রমিক ও কৃষক প্রায় আধা ঘণ্টা বড়াইগ্রাম উপজেলার রাজাপুরে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাটোর প্রতিনিধি জানান। সে সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সাংসদ আব্দুল কুদ্দুস ঘটনাস্থলে যান। আব্দুল কুদ্দুস বিদ্যুত পরিস্থিতি উন্নতির আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। পরে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কয়েক'শ কৃষক নাটোর পল্লী বিদ্যুত সমিতি-২ এর সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সমিতির মহাব্যবস্থাপক বেলাল উদ্দিনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। সাভার প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে সাভারের আড়াপাড়া বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে এলাকাবাসী ভাংচুর করে। এক পর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে ব্যর্থ হয়। এলাকাবাসীর অভিযোগ, তীব্র গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার কারণে দুর্ভোগ চরমে পৌঁছেছে। রাত ১১টার দিকে হামলার ঘটনায় অভিযোগ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা পালিয়ে যান। ঢাকা পল্লী বিদ্যুত সমিতি-১ এর উপমহাব্যবস্থাপক ইমরুল হাসান ভূঁইয়া জানান, আড়াপাড়ার গ্রাহকরা রাতে বিদ্যুৎ না পেয়ে অভিযোগ কেন্দ্রে হামলা চালিয়ে বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর করেছে। আড়াপাড়া অভিযোগ কেন্দ্রের লাইন ম্যান মাহমুদুল হক বলেন, উত্তেজিত জনতা অভিযোগ কেন্দ্রের দিকে ধেয়ে আসছে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। সাভার থানার ওসি মাহবুবুর রহমান জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১৩ ঘ.