কক্সবাজার, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় এক পর্যটন ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুরে তার ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয় থেকে লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত ব্যবসায়ীর নাম এ আর সিদ্দিকী ডালিম (৩৮)। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায়।
সোমবার রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ ফারুক আহমদ।
তিনি সাংবাদিকদের জানান, দুপুর ১২টার দিকে শহরের দক্ষিণ বাহারছড়া এলাকার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) এর পাশের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয় থেকে ডালিমের লাশ উদ্ধার করা হয়। লাশটি উপুড় করে শোয়ানো অবস্থায় ছিলো।
কক্সবাজার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) সাবেক সুপারিনটেনডেন্ট জাফর আলম জানান, ডালিম তার মেয়ে জামাই। তার দুটি ছেলে-মেয়ে রয়েছে।
তিনি জানান, মঙ্গলবার সকালে ডালিমের বন্ধু মোহাম্মদ শাহেদ ওরফে রবি এসে জানান তার মেয়ে জামাই ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তিনি দ্রুত চিকিৎসককে ফোন করার চেষ্টা করলে ওই বন্ধু তাকে নিষেধ করে বলেন, 'আমি নিশ্চিত ডালিম মারা গেছে'।
জাফর আলম বলেন, ওই কথা শুনে তিনি দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কক্সবাজার মডেল থানা পুলিশ জানায়, এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪১ ঘ.
bdnews24