২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক-মাধ্যমিকে ৪ শতাংশ শিক্ষার্থী কওমী মাদ্রাসার: বিশ্বব্যাংক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে কওমী মাদ্রাসার ভূমিকা তেমন উল্লেখযোগ্য নয়, যেমনটা সংবাদ মাধ্যমে চিত্রিত হয়ে থাকে। প্রাথমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর ১.৯ শতাংশ রয়েছে কওমী মাদ্রাসায়। আর মাধ্যমিক পর্যায়ে এই হার ২.২ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 02:29 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে কওমী মাদ্রাসার ভূমিকা তেমন উল্লেখযোগ্য নয়, যেমনটা সংবাদ মাধ্যমে চিত্রিত হয়ে থাকে। প্রাথমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর ১.৯ শতাংশ রয়েছে কওমী মাদ্রাসায়। আর মাধ্যমিক পর্যায়ে এই হার ২.২ শতাংশ। বিশ্বব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কওমী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে মূল ধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করারও সুপারিশ করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বব্যাংকের 'সেকেন্ডারী স্কুল মাদ্রাসাজ ইন বাংলাদেশ: ইন্সিডেন্স, কোয়ালিটি অ্যান্ড ইমপ্লিকেশন্স ফর রিফর্ম' শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে মূল ধারার শিক্ষা ব্যবস্থার গুণগত মানের তুলনা করা হয়। অনুষ্ঠানে এ প্রতিবেদনের সার সংক্ষেপ তুলে ধরেন যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. এম নিয়াজ আসাদুল্লাহ। এতে বলা হয়, দেশের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কওমী মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১.৯ শতাংশ। মাধ্যমিক পর্যায়ে তা ২.২ শতাংশ। অন্যদিকে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে আলিয়া মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাথমিক পর্যায়ে এ সব মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ৮.৪ শতাংশ। মাধ্যমিকর্ র্পযায়ে শিক্ষার্থী ১৯ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে পরিচালিত হয় আলিয়া মাদ্রাসা। কওমী মাদ্রাসার ওপর সরকারের কোনো নিয়ন্ত্রন নেই। ড. এম নিয়াজ আসাদুল্লাহ বলেন, পুরো শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মদ্রাসায় মেয়েদের ভর্তির হারও দ্রুত বাড়ছে। ওই প্রতিবেদনে আরো বলা হয়, কওমী মাদ্রাসার ৮২ শতাংশ শিক্ষকের কোনো প্রশিক্ষণ নেই। অন্যদিকে আলিয়া মাদ্রাসার ৪২ শতাংশ এবং সাধারণ বিদ্যালয়ের ১৬ শতাংশ শিক্ষকের প্রশিক্ষণ নেই। মাদ্রাসা শিক্ষায় মেয়েরা গণিত এবং ইংরেজীতে ছেলেদের চেয়ে অনেক পিছিয়ে আছে। সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে আলিয়া মাদ্রাসার শিক্ষার গুণগত মানের ব্যবধান দূরীকরণ এবং কওমী মাদ্রাসাকেও আলিয়া মাদ্রাসার মতো একটি নির্দিষ্ট কারিকুলামের আওতায় নিয়ে আসার সুপারিশ করা হয় প্রতিবেদনে। শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, "কওমী মাদ্রাসা জঙ্গিবাদের প্রধান ক্ষেত্র- প্রচলিত এ ধারণা ঠিক নয়। এ শিক্ষা ব্যবস্থাকে মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করে পরিচালনা করা ও রেজিস্ট্রেশনের জন্য ইতোমধ্যেই কওমী মাদ্রাসার শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।" তিনি আরো বলেন, এটি পুরোপুরি তাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। ইসলামী শিক্ষা ব্যবস্থাকে কোনোমতেই ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। তবে, শুধুমাত্র ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকলে শিক্ষার্থীরা বাস্তব জীবনে বিপদে পড়বে। তাই এ শিক্ষা ব্যবস্থাকে মূল ধারার সঙ্গে যুক্ত করে আধুনিক করে তোলার ব্যাপারে সরকার সচেষ্ট। শিক্ষানীতিতেও এ বিষয়ে উল্লেখ রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের শিক্ষা বিভাগের সেক্টর ম্যানেজার অমিত ধর, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আসাবুর রহমান, বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ শিক্ষা বিশেষজ্ঞ হেলেন জে ক্রেইগ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেবি/এইচএ/২০২৩ ঘ.