ঢাকা, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় এবার জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
মঙ্গলবার সকালে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত এই ট্রাইব্যুনালে তাকে আনা হবে। সকাল ১০টায় ট্রাইব্যুনাল বসবে।
এর আগে গত ২ অগাস্ট জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রথম বারের মতো এই ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এই চার শীর্ষ নেতাকে হাজির করার মধ্য দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা জানান, সাঈদীকে কারাগার থেকে সকাল ১০টায় ট্রাইব্যুনালে হাজির করা হবে।
১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক দেখানোর এক আবেদনের ওপর গত ৫ অগাস্ট শুনানি শেষে এই ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং ১০ আগস্ট (মঙ্গলবার) তাকে হাজির করার আদেশ দেয়।
১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এর ৩/২ ধারার অপরাধ তদন্তের স্বার্থে সাঈদীকে আটক দেখানোর জন্য ওই আবেদন করা হয়। এ ধারায় হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের কথা উল্লেখ রয়েছে।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/ডিডি/এইচএ/২২২৪ ঘ.
bdnews24