গাজীপুর, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে এক শিশুর মৃত্যুর ঘটনায় একটি রাসায়িক কারখানা মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে সাতদিন বয়সী শিশুটি মারা গেছে বলে তার বাবা অভিযোগ করেন।
সোমবার সকাল ৬টার দিকে গাজীপুর সদরের পুবাইল ইউনিয়নের করমতলা এলাকায় সাবিনা নামের শিশুটি মারা যায়।
তার বাবা সুলাইমান সন্ধ্যায় জয়দেবপুর থানায় মামলাটি করেন।
এতে আসামি করা হয়েছে ক্রিসেন্ট কেমিক্যাল কারখানার ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমানকে।
এর আগে দুপুরে স্থানীয়রা ঘোড়াশাল-টঙ্গী সড়ক পৌনে এক ঘণ্টা অবরোধ করে রাখে এবং বিক্ষোভ করে।
পরে পুলিশের সহায়তায় পুবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন আহমেদ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।
জয়দেবপুর থানার ওসি আবদুর রশিদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
বাদি অভিযোগ করেন, ক্রিসেন্ট কেমিক্যাল কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাসেই তার মেয়ের মৃত্যু হয়েছে। তার বাসার পূর্ব পাশের ওই কারখানা থেকে উৎকট গন্ধযুক্ত গ্যাস নির্গত হয়।
এতে এলাকার লোকজনের অনেকেরই শ্বাসকষ্ট, শরীর জ্বালা-পোড়াসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। গ্যাসে কারখানার আশপাশের বিভিন্ন গাছের পাতাও বিবর্ণ হয়ে গেছে।
কারখানা কর্মকর্তা সাইফুল ইসলাম দাবি করেন, কারখানায় উৎপাদিত গ্যাসীয় সালফার সাধারণত বাইরে যায় না। শনিবার কারখানায় হঠাৎ গ্যাসের চাপ কমে যাওয়ায় জেনারেটর বন্ধ হয়ে যায়। এতে উৎপাদন প্রক্রিয়ায় থাকা কিছু সালফার বাতাসে মিশতে পারে।
তিনি জানান, সুলাইমানের মেয়ে মারা যাওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিনের মধ্যস্থতায় দুপুর ৩টায় বৈঠক হওয়ার কথা ছিলো। কিন্তু কিছু লোক অতি উৎসাহী হয়ে সড়ক অবরোধসহ বিক্ষোভের ঘটনা ঘটিয়েছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক (মালিক) সিদ্দিকুর রহমান জানান, তাদের কারখানা মাস ছয়েক আগে উৎপাদনে যায়। তদন্তে যদি কারখানা থেকে নির্গত গ্যাসের কারণে শিশুটির মৃত্যুর প্রমাণ মেলে তাহলে যে কোনো রায় তিনি মেনে নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৫ ঘ.
bdnews24