ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রমজানে চালের মূল্য দরিদ্র মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে মঙ্গলবার থেকে খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু হচ্ছে।
এ ছাড়া আগামী ১৬ অগাস্ট থেকে ফেয়ার প্রাইস কার্ডের (এফপিসি) মাধ্যমে চাল বিক্রি শুরু করতে যাচ্ছে সরকার।
ওএমএস ও এফপিসির ক্ষেত্রে সাধারণ মানুষ মাত্র ২৪ টাকা কেজি দরে চাল কিনতে পারবে। তবে ওএমএস'র ক্ষেত্রে সপ্তাহে পাঁচদিন জনপ্রতি পাঁচ কেজি এবং এফপিসিতে জনপ্রতি মাসিক ২০ কেজি করে চাল কিনতে পারবে।
সোমবার বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলন এসব তথ্য তুলে ধরেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।
খাদ্য সচিব বরুণ দেব মিত্র, অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহাম্মদ হোসেন খান এ সময় উপস্থিত ছিলেন।
খাদ্য মন্ত্রী জানান, ওএমএস ও এফপিসি ছাড়াও ঈদের আগে দরিদ্রদের জন্য ভিজিএফের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এতে চালসহ ভোগ্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যেই থাকবে।
আব্দুর রাজ্জাক বলেন, "ওএমএস কার্যক্রম চলবে রমজান মাস পর্যন্ত।সপ্তাহের শুক্র ও মঙ্গলবার ছাড়া অন্য পাঁচদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চাল বিক্রি হবে। তবে কোন ক্ষেত্রে চালের সম্পূর্ণ বিক্রি সম্ভব না হলে, বিক্রি শেষ হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।"
ওএমএস কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশের ৪৮৫ জন ডিলারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরমধ্যে ২৬৫ জন ট্রাক ও বাকিরা দোকান ডিলার। দোকান ডিলাররা কেবলমাত্র বন্যা কবলিত সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় চাল বিক্রি করবে বলে জানান খাদ্য মন্ত্রী।
তিনি জানান, ঢাকায় ওএমএস কার্যক্রম পরিচালনায় ১৪০ জন ট্রাক ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজনে ডিলার আরও বাড়ানো হবে।
এদিকে সারাদেশে এবার আট লাখ ৫৬ হাজার ব্যক্তিকে এফপিসি কর্মসূচির আওতায় আনা হয়েছে। এদের মধ্যে তিন লাখ ৬৬ হাজার ৪০০ কার্ড দেওয়া হয়েছে ঢাকা মহানগরীতে। ঢাকার ১৭টি শ্রমঘন ইউনিয়নে দেওয়া হয়েছে ৫৬ হাজার ৪১০টি কার্ড।
বাকী চার লাখ ৩৩ হাজার ৮৫৭ জন হচ্ছে অন্য বিভাগীয় শহর, মহানগর ও জেলা শহরের জন্য।
মন্ত্রী জানান, তালিকাভূক্ত কার্ডধারীদের নাম যাচাই-বাছাই করা হচ্ছে। পরে কার্ডধারীর সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
এ কর্মসূচির জন্য ইতোমধ্যে ৫৩২ জন ডিলার নিয়োগ করা হয়েছে।
ভারত থেকে আমদানি করতে যাওয়া চালের মান নিয়ে প্রশ্ন তোলা হলে মন্ত্রী বলেন, "সরকার ভারত থেকে চাল কিনে আনবে। এটা কোন সাহায্য নয়। আন্তর্জাতিক বাজারের মূল্য অনুযায়ী আমদানি করা হচ্ছে। তাই এক্ষেত্রে যথাযথ মান নিশ্চিত করেই চাল আনা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/২০৪৫ঘ.
bdnews24