ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের দাবিতে দায়ের করা রিট আবেদনের শুনানি আগামী ৩ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের জানান, পরীক্ষার ফলাফল প্রকাশ না করার ব্যাপারে কোনো নির্দেশ দেয়নি আদালত।
তিনি বলেন, সরকারি কর্ম কমিশন (পিএসসি) গত ১ অগাস্ট বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, পরীক্ষায় প্রশ্নপত্রের ২ নম্বর সেট ব্যবহারকারী পরীক্ষার্থীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে কমিশন সজাগ দৃষ্টি রাখবে।
৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের দাবিতে শনিবার শফিউল ইসলাম মন্ডলসহ ১৯ পরীক্ষার্থী হাইকোর্টে এই রিট আবেদন দায়ের করেন।
গত ৩০ জুলাই দেশের ১১০ টি কেন্দ্রে ৩০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার প্রশ্নপত্রের ২ নম্বর সেটে অসঙ্গতি থাকায় ওই পরীক্ষা বাতিলের দাবিতে রিট আবেদনটি দায়ের করা হয়।
রিট আবেদনে বলা হয়, সংবিধানের ১৪০ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ক্যাডার সার্ভিসে নিয়োগের দায়িত্ব পিএসসির। কিন্তু তারা ওই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
মুরাদ রেজা বলেন, আদালত জানিয়েছে, পিএসসি এই বিজ্ঞপ্তির আলোকে কী ব্যবস্থা নেয় আদালত তা দেখবে। তবে ফলাফল প্রকাশের ব্যাপারে কোনো আইনগত বাধা নেই।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
পিএসসি'র পক্ষে অ্যাডভোকেট আসাদ্দৌল্লাহ কমিশনের বিজ্ঞপ্তিটি আদালতে উপস্থাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এইচএ/১৯১১ ঘ.
bdnews24