২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একই পদ্ধতিতে খতম তারাবীহ পড়ার আহবান

রমজান মাসে দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবীহ পড়ার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রমজান মাসে দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবীহ পড়ার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মুসল্লিদের কথা বিবেচনা করে রোববার ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মসজিদের ইমাম, মসজিদ কমিটি ও সংশ্লিষ্ট সবার প্রতি এ আহবান জানানো হয়। এতে বলা হয়, রমজানে দেশের বিভিন্ন মসজিদে খতম তারাবীহতে একই নিয়ম অনুসরণ করা হয় না। ফলে কাজের কারণে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসল্লিদের মধ্যে কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এতে মুসল্লিদের মধ্যে অতৃপ্তি ও মানসিক চাপ কাজ করে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের সব মসজিদে খতম তারাবীহতে প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তেলওয়াত করা হলে ২৭ রমজান লাইলাতুল কদরের রাতে কোরআন খতম করা সম্ভব। এর ফলে সব মুসল্লিই খতম তারাবীহর সওয়াব পেতে পারেন। ইতোপূর্বে বিষয়টি নিয়ে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মরহুম মাওলানা উবায়দুল হকসহ অন্যান্য আলেম ও ইমামদের সঙ্গে আলোচনা হলে তারাও এ পদ্ধতিতে খতম তারাবীহ পড়ার পক্ষে অভিমত দিয়েছিলেন। সে অনুযায়ী অধিকাংশ মসজিদে এখন এ পদ্ধতি অনুসরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/এইচএ/১৯২১ঘ.