চট্টগ্রাম, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, অতীতে সালিশের মাধ্যমে বিরোধের নিষ্পত্তি হতো। এর উপযোগিতা এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি শনিবার দুপুরে বাংলাদেশ ল কমিশন আয়োজিত 'বিকল্প বিরোধ নিষ্পত্তি' বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন।
চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে চট্টগ্রাম জেলা ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক, নিু আদালতের বিচারিক হাকিম, আইনজীবী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অতীতে আদালতগুলোয় মামলার সংখ্যা এত বেশি ছিল না উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, "বিচার কাজে আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। এর মধ্য দিয়ে উন্নত বিশ্ব বিচার প্রক্রিয়ায় অনেক দূর এগিয়ে গেলেও আমরা পিছিয়ে যাচ্ছি।"
তিনি বলেন, "সামজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। বিচারপ্রার্থীরা কী মামলা নিয়ে আসছে, এতে লাভ-ক্ষতি কী হচ্ছে এবং সমাজে এসবের প্রভাব বিবেচনা করলে আদালতে মামলার সংখ্যা অনেক কমে যাবে।"
আদালতে মামলা জট কমানোর ক্ষেত্রে 'বিরোধ নিষ্পত্তি'র ওপর জোর দিয়ে জনগণের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বিচার বিভাগের যে যেখানে আছে তাকে সেখান থেকেই অবদান রাখার আহবান জানান তিনি।
উপস্থিত বিচারক ও আইনজীবীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, "এমন মামলা করবেন না যাতে বিচার প্রার্থীদের ভোগান্তি হয়।"
সেমিনারে বাংলাদেশ ল কমিশনের চেয়ারম্যান বিচারপতি আবদুর রশিদ বলেন, "মামলার নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে। এতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও হতাশা বাড়ছে। তারা নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছেন।"
বিচারক বাড়লেই মামলার জট কমবে এমন ধারণা ভুল উল্লেখ করে তিনি বলেন, "বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এ সমস্যা অনেকটাই কমানো যায়। বিদেশে এ প্রক্রিয়ায় বিভিন্ন সমস্যার সমাধান হচ্ছে।"
সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের সদস্য অধ্যাপক মো: শাহ আলম, প্রধান গবেষণা কর্মকর্তা মো: আখতারুজ্জামান এবং জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা শারমিন নিগার।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস, ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইনামুল হক ভূঁইয়া, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক জাকির হোসাইন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম শামসুল আলম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী এবং সেইলসের প্রধান নির্বাহী ড. উত্তম কুমার দাশ প্রমুখ।
সেমিনার আয়োজনে সহযোগিতা করে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল এন্ড হিউম্যান রাইটস স্টাডিস (সেইলস) নামক একটি প্রতিষ্ঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএএ/১৮৫৩ ঘ.
bdnews24