ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শ্রমিক নেতা মন্টু ঘোষকে পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতন না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সেইসঙ্গে চিকিৎসক বোর্ড গঠন করে দিনে অন্তত দুই বার তার শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করারও নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনোর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় গত ৩০ জুলাই আদাবর থানায় দায়ের করা মামলায় মন্টু ঘোষকে ৩১ জুলাই গ্রেপ্তার করে পুলিশ।
তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সমর্থিত গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা ও দলের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি।
গত ৩ আগস্ট মোট পাঁচটি মামলায় জিজ্ঞাসবাদের জন্য মন্টু ঘোষকে নয়দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করে নিু আদালত।
পুলিশ হেফাজতে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের শুনানিতে অংশ নেন ব্যারিস্টার সারা হোসেন।
সরকার পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
আদালতকে সহায়তা করে বক্তব্য রাখেন আইনবিদ ড. শাহদীন মালিক ও ড. আনিসুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এইচএ/১৭৩৬ ঘ.
bdnews24