২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে মারধর করলেন ছাত্রলীগ নেতা

মামলা প্রত্যাহার না করায় নির্যাতিত এক গৃহবধূ ও তার বাবাকে মারধর করেছেন স্থানীয় ছাত্রলীগ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 05:13 PM

Updated : 25 Aug 2022, 05:27 PM

বরগুনা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মামলা প্রত্যাহার না করায় নির্যাতিত এক গৃহবধূ ও তার বাবাকে মারধর করেছেন স্থানীয় ছাত্রলীগ নেতা। পরে এক সালিশ বৈঠকে ক্ষমা চেয়ে পার পেয়ে যান বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুস সোবাহান লিটন। তার দুই সহযোগীর প্রত্যেক কানে ধরানো এবং ১০টি বেত্রাঘাত করা হয়। এদের দু'জনের নামই রাসেল। এছাড়া চিকিৎসা খরচ বাবদ ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার আমতলী পৌরসভা কার্যালয়ে মেয়র নাজমুল আহসান নান্নুর নেতৃত্বে এই সালিশ বৈঠক হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ ঘটনায় মামলা করতে দেয়নি বলে পুলিশ জানিয়েছে। গত বছর করা ধর্ষণ চেষ্টা মামলা প্রত্যাহার না করায় রোববার রাতে স্থানীয় ক্লাবঘরে ডেকে হাসান ও তার মেয়েকে আবদুর রহমান লিটন, হযরত আলীর ছেলে রাসেল ও সেরাজ মৃধার ছেলে রাসেল মারধর করে। এ সময় তারা হাসানের কাছ থেকে দেড়শ' টাকার স্ট্যাম্পে স্বাক্ষরও করিয়ে নেয়। এ ব্যাপারে আমতলী থানার ওসি হেমায়েত উদ্দিন জানান, তিনি ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করেছেন। আহতরা থানায় গেলে আওয়ামী লীগ নেতারা মামলা করতে না দিয়ে মীমাংসা করার কথা বলে তাদের বাড়ি পাঠিয়ে দেন। পরে পৌরসভা কার্যালয়ে সালিশ বৈঠক হয়। হাসান জানান, ২০০৯ সালের ৩ নভেম্বর দুপুরে জাফর নামে এক তরুণ তাদের বসত ঘরে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে জখম করে। এর জেরে এলাকার জাফর, তার ভাই কবির ও বাবা হযরত আলী গৃহবধূ ও তার স্বামীকে মারধর করে। একই বছরের ২০ নভেম্বর ওই গৃহবধূ বাদি হয়ে আদালতে মামলা করেন। চলতি বছরের ১০ ফেব্র"য়ারি অভিযোগপত্র দেওয়া হয়। গত ২৮ জুলাই পুলিশ আসামি কবিরকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩১০ ঘ.