বরগুনা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার পাথরঘাটা থেকে ৮০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরের ১৭টি মাছ ধরার ট্রলারের ডাকাতি হয়েছে।
সোমবার রাতে ডাকাতি শেষে জলদস্যুরা একটি ট্রলারসহ ১৯ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। তারা মোটা অংকের মুক্তিপণ চেয়েছে বলে দস্যুদের কবল থেকে ফেরত আসা অন্য জেলেরা জানান।
ওই জেলেরা জানান, সুন্দরবনের রাজু ও আব্বাস বাহিনীর সদস্যরা তাদের ট্রলারে ডাকাতি করেছে। তারা জাল, মাছ, জ্বালানি তেলসহ ১২ লাখ টাকার মাল লুট করে নিয়ে গেছে।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি সাংবাদিকদের জানান, অপহৃত জেলে ও ট্রলার মালিকের বাড়ি বরগুনার বিভিন্ন উপজেলায়।
অপহৃতদের মধ্যে রয়েছে- আনোয়ার হোসেন (২২), গোলাম মোস্তফা (২৪), আবদুল খালেক (৩৮), নেছার উদ্দিন (৩৪), জামাল হোসেন (২৫), লোকমান হোসেন (৩৫), কালাম খাঁ (৩৭), আবদুর রাজ্জাক (২৬), মাকসুদ (২২), জাহাঙ্গীর হোসেন (৩০), তাজেরুল (৩৩), মিলন (২৮), আফজাল হোসেন (৩৫), আবুল হোসেন (৩০)।
এদের মুক্তির জন্য তারা ২৫ লাখ টাকা দাবি করেছে।
পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মুশফিকুর রহমান জানান, তিনি বিষয়টি লোকমুখে শুনেছেন। জেলেদের উদ্ধারের জন্য সকাল থেকে অভিযান শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৯ ঘ.
bdnews24