২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে গৃহবধূর লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর উত্তর মাতুয়াইল থেকে মঙ্গলবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 04:25 PM

Updated : 25 Aug 2022, 05:28 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীর উত্তর মাতুয়াইল থেকে মঙ্গলবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাসলিমা আক্তার (২৮) স্বামী সোহেলের সঙ্গে থাকতেন। মঙ্গলবার সকালে উত্তর মাতুয়াইলের বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তাসলিমার স্বজনরা অভিযোগ করেছেন, যৌতুকের দাবিতে এবং গর্ভে আবারো কন্যা সন্তান আসায় স্বামী, শাশুড়ি ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে তাসলিমাকে হত্যা করেছে। নিহতের চাচাতো ভাই নেয়ামতউল্লাহ সাংবাদিকদের জানান, সোমবার রাতে তাসলিমা ফোন করে তার মা আমেলিকাকে বলেছিল, "ওরা মনে হয় আমাকে মেরে ফেলবে। তুমি আমাকে বাঁচাও।" তিনি জানান, রাতেই মেয়ে শিরিন ও ছেলে আমানুল্লাহকে সঙ্গে নিয়ে ওই বাসায় গিয়ে তারা তাসলিমার লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। নেয়ামতউল্লাহ জানান, তাসলিমা ছয় মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন। কিছুদিন আগে ডাক্তারি পরীক্ষায় আবারো তিনি কন্যা সন্তানের জন্ম দিতে যাচ্ছেন বলে জানা যায়। এটি জানার পর থেকেই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তার ওপর নির্যাতন শুরু করে। তাসলিমার আরেকটি কন্যা সন্তান রয়েছে। তিনি আরো অভিযোগ করেন, বিয়ের পর থেকেই এক লাখ টাকা যৌতুক দাবি করে তাসলিমাকে নির্যাতন করতো তার স্বামী । এরই জের ধরে তারা তাসলিমাকে হত্যা করে। যাত্রাবাড়ি থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যৌতুকের কারণে তাসলিমাকে অনেকদিন ধরেই নির্যাতন করা হতো। আবারো তার কন্যা সন্তান হবে জেনে নির্যাতন আরো বেড়ে যায়। মারধরের একপর্যায়ে তাসলিমা মারা গেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।" এ ঘটনায় তাসলিমার স্বামী, শাশুড়ি, ননদ ও ভাসুরকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ তাসলিমার স্বামী সোহেল ও শ্বাশুড়ি আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে। ফেন্সিডিল খেয়ে একজনের মৃত্যু এদিকে যাত্রাবাড়ীতে ফেন্সিডিল খেয়ে এক নৈশপ্রহরী মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ীর রোজগার্ডেন টিউটোরিয়ালের তৃতীয় তলার একটি কক্ষ থেকে নৈশপ্রহরী সাখাওয়াত হোসেনের (৩২) লাশ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক প্রদীপ কুমার সাংবাদিকদের জানান, সাখাওয়াত মাদকাসক্ত ছিল। অতিরিক্ত মাদক সেবনের ফলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার লাশের ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমইউএস/এইচএ/২২১৫ ঘ.